ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে আরামবাগ বালুর মাঠ ১০ বছরের ইজারা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মেয়াদ শেষে ফের নবায়নের শর্ত আছে। ভবন সংলগ্ন এই মাঠে কৃত্রিম টার্ফ বসাবে বাফুফে। এতে বর্ষা মৌসুমে ফুটবলারদের ঘরে বসে অলস সময় পার করতে হবে না।
বাফুফের সে স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। বালুর মাঠে কৃত্রিম টার্ফ বসাতে দেবেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। রোববার তায়কোয়ান্দ খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি বলেন, "এলাকার মানুষের জন্য বালুর মাঠ উন্মুক্ত রাখা হবে। বাফুফে টার্ফ বসাতে পারবে না।"
স্থানীয় লোকজনের জন্য বালুর মাঠ উন্মুক্ত রাখা হলে বাফুফের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে এনএসসিকে। আর এর দায়-দায়িত্ব নিতে হবে প্রতিমন্ত্রীকেই। তবে বাফুফের সঙ্গে চুক্তি বাতিলের প্রশ্ন ওঠার পরই বিষয়টি চেপে গেলেন তিনি। বললেন, "সব কিছু যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেয়া হবে।"
আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফার অর্থায়নে এ মাসেই বালুর মাঠে টার্ফ বসানোর কথা। কিন্তু বৃষ্টির কারণে কিছুটা সময় দেরি হচ্ছে। আর এরই ফাঁকে বালুর মাঠ রক্ষায় আন্দোলনে নেমেছে স্থানীয় লোকজন।
বালুর মাঠে টার্ফ বসানো সম্ভব না হলে চার লাখ ৮৪ হাজার ডলার ফেরত নেবে ফিফা। ক্ষতি হবে বাংলাদেশেরই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩০০ ঘ.
bdnews24