কবহ্যাম, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিয়মিত একাদশে রাখার নিশ্চয়তা চাইছিলেন আন্দ্রে শেভচেঙ্কো। কিন্তু কোচ কার্লো আনসেলত্তি তা দিতে নারাজ। তাই এ মাসের শেষ নাগাদ ইংলিশ ক্লাব চেলসি ছেড়ে যাচ্ছেন শেভচেঙ্কো।
আনসেলত্তি জানান, সাবেক ইউরোপিয়ান ফুটবলার অব দ্য ইয়ার ইউক্রেনীয় স্ট্রাইকার শেভচেঙ্কো তার সাবেক ক্লাব ডায়নামো কিয়েভেই ফিরে যেতে পারেন। যদিও এ ব্যাপারে কোনও ক্লাবের সঙ্গে তার চুক্তি হয়নি।
ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি মোকাবিলা করবে বার্নলেকে। ম্যাচের জন্য প্রস্তুতি শেষে আনসেলত্তি বলেন, "শেভচেঙ্কোই তার সিদ্ধান্ত নেবেন। তার জন্য দল ঠিক করে দেওয়া আমাদের কাজ নয়।"
ডায়নামো কিয়েভের সঙ্গে আলোচনার জন্য শেভচেঙ্কো বর্তমানে কিয়েভে রয়েছেন।
ভাগ্য ভালো যে ডায়নামো কিয়েভের প্রেসিডেন্ট ইহর সুরকিস শেভচেঙ্কোকে ফিরিয়ে নিতে বেশ আগ্রহী। ইউক্রেনের পত্রিকা সেগদনিয়াকে তিনি বলেন, "শেভচেঙ্কোকে ফিরিয়ে আনা যে আমার স্বপ্ন সেকথা আমি বহুবার বলেছি। আমাদের কাছে ফিরে আসার ব্যাপারে এখন চমৎকার একটা সুযোগের সৃষ্টি হয়েছে। তবে কোনও কিছুই পাকা হয়নি।"
শেভচেঙ্কো ২০০৬ সালে ৩০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দেন। কিন্তু গত দুই মৌসুমে তিনি গোল করেন মাত্র ৯টি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৮৪৫ ঘ.
bdnews24