২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা নিয়ে দুই ফুটবলারের বিরুদ্ধে অন্য দলে যোগ দেওয়ার অভিযোগ

দলবদল নিয়ে দুই ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ এনেছে পেশাদার ফুটবল 'বি' লিগের ক্লাব চট্টগ্রাম মোহামেডান এসসি। আতিকুল ইসলাম তারেক ও অমিত হাসান শুভ্র যাতে অন্য ক্লাবের হয়ে নাম নিবন্ধন করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে চট্টগ্রাম মোহামেডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 03:46 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলবদল নিয়ে দুই ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ এনেছে পেশাদার ফুটবল 'বি' লিগের ক্লাব চট্টগ্রাম মোহামেডান এসসি। আতিকুল ইসলাম তারেক ও অমিত হাসান শুভ্র যাতে অন্য ক্লাবের হয়ে নাম নিবন্ধন করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে চট্টগ্রাম মোহামেডান। দুই ফুটবলার তারেক ও শুভ্র চট্টগ্রাম মোহামেডানের কাছ থেকে ১ লাখ টাকা করে অগ্রিম নিয়েছেন বেশ কিছুদিন আগে। তারেক ৫ লাখ এবং শুভ্র ৮ লাখ টাকায় মোহামেডানে খেলতে রাজি হন। কিন্তু ক্লাবটি তাদের এক লাখ করে টাকা দিয়ে দ্বিতীয় কিস্তিতে আর কোন টাকা দেয়নি। এমন কি, তাদের সঙ্গে দ্বিতীয়বার আলোচনায়ও বসেনি। অথচ পাঁচদিন পরই দলবদলের সময় শেষ হয়ে যাবে। এ অবস্থায় কোন উপায় না দেখে অন্য ক্লাবে যোগ দিচ্ছেন তারা। শুভ্র ও তারেক মুক্তিযোদ্ধার পক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার তারা নাম নিবন্ধন করবেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রে। দলের সঙ্গে প্রশিক্ষণের জন্য তারা এখন দিনাজপুর বিকেএসপির আবাসিক ক্যাম্পে আছেন। চট্টগ্রাম মোহামেডানের অভিযোগের প্রেক্ষিতে করণীয় সম্পর্কে বাফুফের কাছে জানতে চাইলে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী বলেন, "আমরা দুই ফুটবলারকে অন্য ক্লাবের পক্ষে নিবন্ধনে বাধা দিতে পারি না। বড় জোর মোহামেডানের টাকা ফেরত দিতে বলতে পারি।" বিষয়টি মিমাংসার জন্য প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে মোহামেডানের আবেদনপত্র পাঠিয়ে দিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৫৯ ঘ.