ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রীড়াবিদ কল্যাণ ট্রাস্ট-এর নাম বদল করে রাখা হচ্ছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে ক্রীড়াবিদ কল্যাণ ট্রাস্টি বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৭৫ সালের ৬ আগস্ট ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন গঠনের অনুমতি দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই প্রতিষ্ঠানের পক্ষে স্থানীয় একটি ব্যাংকে ৭ লাখ টাকা গচ্ছিত রাখা হয়েছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়।
পরে এই প্রতিষ্ঠানের নাম বদলে বাংলাদেশ ক্রীড়াবিদ কল্যাণ ট্রাস্ট রাখা হয়। কল্যাণ ট্রাস্ট থেকে দেশের অস্বচ্ছল ক্রীড়াবিদ ও সংগঠকদের এককালীন অনুদান দেওয়া হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯২৩ ঘ.
bdnews24