ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না ইন্টার মিলানের। বারির সঙ্গে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছে তারা। জুভেন্টাস ১-০ গোলে জিতেছে শিয়েভোর বিপক্ষে। আর রোমা ২-৩ গোলে হেরে গেছে জেনোয়ার কাছে।
ইতালিয়ান লিগ "সিরি-এ"-র রবিবারের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল ইন্টার। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬ মিনিটে দিয়েগো মিলিতোকে বক্সের মধ্যে বারি ডিফেন্ডার লিয়োনার্দো বোনাচ্চি ফেলে দেন। বার্সেলোনা থেকে এই মৌসুমে ইন্টারে যোগ দেয়া স্যামুয়েল ইতোর পেনাল্টি গোলে এগিয়ে যায় মিলান। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।
অনেক টাকা খরচ করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুসিওকে দলে নিয়েছিল ইন্টার। সেই লুসিওকে ফাঁকি দিয়ে ৭৪ মিনিটে গোল করে বসলেন ভিতালি কুতুজভ। বারি ফিরলো সমতায়। খেলার ফলাফল শেষ পর্যন্ত তাই থাকে।
সামনের সপ্তাহে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান ও এসি মিলান। সেই ম্যাচে ফর্মে ফিরবে ইন্টার-এই আশায় বুক বেঁধে আছে সমর্থকেরা।
ইন্টার মিলানের ভাগ্য বরণ করতে হয়নি জুভেন্টাসকে। ঠিকই প্রথম লিগ ম্যাচে জয় আদায় করে নিয়েছে তারা। ব্রাজিলিয়ান ডিয়েগোর ফ্রি-কিক থেকে করা গোলে শিয়েভোকে ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।
অন্য খেলায় রোমাকে হারিয়ে অঘটন ঘটিয়েছে জেনোয়া। ট্টটির গোলে ২-১ এ এগিয়ে থাকা রোমা শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ২-৩ গোলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসকে/২৩৩৯ঘ.
bdnews24