২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানি গেলেন আরো সাত হকি খেলোয়াড়

১২ দিন দেরিতে আরো সাত হকি খেলোয়াড় জার্মানির উদ্দেশে দেশ ছেড়েছেন সোমবার রাতে। ১৮ হকি খেলোয়াড়ের জার্মানি যাওয়ার কথা ছিল ১১ আগস্ট। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মাত্র তিন খেলোয়াড়কে পাঠাতে পারে বাংলাদেশ হকি ফেডারেশন। সরকারী আদেশ (জিও) ছাড়াই তাদের পাঠাতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১২ দিন দেরিতে আরো সাত হকি খেলোয়াড় জার্মানির উদ্দেশে দেশ ছেড়েছেন সোমবার রাতে। ১৮ হকি খেলোয়াড়ের জার্মানি যাওয়ার কথা ছিল ১১ আগস্ট। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মাত্র তিন খেলোয়াড়কে পাঠাতে পারে বাংলাদেশ হকি ফেডারেশন। সরকারী আদেশ (জিও) ছাড়াই তাদের পাঠাতে হয়। সোমবার বিদেশ যাওয়া খেলোয়াড়রা হলেন শেখ মোহাম্মদ নান্নু, জাহিদুল ইসলাম রাজন, আসাদুজ্জামান চন্দন, গোলাম মোস্তফা মানিক, জাহিদ বিন তালিব শুভ, মেহরাব হোসেন কিরণ ও ইমরান হোসেন পিন্টু। এদের মধ্যে কেবল নান্নু ও রাজন খেলবেন প্রথম বিভাগ লিগে। বাকিরা খেলবেন দ্বিতীয় ও তৃতীয় বিভাগে। এর আগে বাংলাদেশের তিন হকি খেলোয়াড় জিমি, কুটি ও চয়ন জার্মানি যান দ্বিতীয় বিভাগের লিগে অংশ নিতে। তারা এখন দলের সঙ্গে সুইজারল্যান্ডে অনুশীলন করছেন। আন্তর্জাতিক টুর্নামেন্টের ভিডিও ফুটেজ দেখে বাংলাদেশ থেকে ১৮ জন হকি খেলোয়াড় বাছাই করে জার্মান লিগের বিভিন্ন ক্লাব। তাদের মধ্যে ১১ জন খেলতে পারবেন। বাকি সাতজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় জার্মানির নিয়ম অনুযায়ী তারা লিগে খেলার অনুমতি পাননি। তবে চুক্তির শর্ত অনুসারে তাদের থাকা, খাওয়া ও অনুশীলনের সুযোগ দেবে ক্লাব। বয়সের কারণে জার্মান লিগে খেলতে না পারা সাত জনকে হল্যান্ডে খেলার সুযোগ করে দিচ্ছেন দুই জার্মান কোচ জেরহার্ড পিটার ও অলিভার কার্টেজ। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক জামিল খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ম্যাচ খেলতে না পারলে জাতীয় দলের খেলোয়াড়দের জার্মান পাঠিয়ে লাভ নেই। তাই যারা জার্মান লিগে খেলার সুযোগ পাচ্ছে না তাদেরকে হল্যান্ড লিগে খেলার ব্যবস্থা করেছেন দুই কোচ।" বাকিরা শিগগিরই হল্যান্ডে যাবেন বলে জানান জামিল খন্দকার। লিগের ফাঁকে মিউনিখে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। ওই লিগ শেষে স্কটল্যান্ডে হকি সিরিজ হতে পারে বলে জানিয়েছে হকি ফেডারেশন। ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠেয় একাদশ দক্ষিণ এশীয় গেমস সামনে রেখে জাতীয় হকি দলের এই প্রস্তুতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২২৪৩ঘ.