ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলংকায় দশম দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) স্বর্ণ পদক জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন মিজানুর রহমান। তার কল্যাণেই তিন বছর আগে বাংলাদেশে পরিচিতি পেয়েছিল মার্শালআট তায়কোয়ান্দ। এবার আরো বড় আসর দক্ষিণ কোরিয়ান আন্তর্জাতিক তায়কোয়ান্দ চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের দুই খেলোয়াড়।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সোমবার জানিয়েছে অনূর্ধ্ব-৮৭ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন মিজানুর রহমান। ফাইনালে তিনি হারিয়েছেন পাকিস্তানের খেলোয়াড় মুবাসির আলীকে।
দ্বিতীয় স্বর্ণটি পেয়েছেন রাসিউল কবির ৮৭ কেজির বেশি ওজন শ্রেণীতে। ফাইনালে তিনি হারিয়েছেন পাকিস্তানেরই আরেক প্রতিযোগী মুজাহিদকে। দু'টি ইভেন্টেরই ফাইনাল হয়েছে শনিবার দক্ষিণ কোরিয়ার ইঞ্চনে।
১৮ থেকে ২২ আগস্ট অনুষ্ঠিত হয় পঞ্চম দক্ষিণ কোরিয়ান উন্মুক্ত আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ। এতে পরীক্ষামূলকভাবে অংশগ্রহণ করেন স্বর্ণ জয়ী বাংলাদেশের দুই প্রতিযোগী। সোমবার বিওএ জানিয়েছে, ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠেয় একাদশ এসএ গেমসে তায়কোয়ান্দে বাংলাদেশের পদক পাওয়ার সম্ভাবনা যাচাইয়ের জন্যই মিজান এবং কবিরকে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়।
তাদের সাফল্যে সন্তষ্টি প্রকাশ করেছেন বিওএ মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ। তিনি বলেন,"এই সাফল্য প্রমাণ করে যে একাদশ এস এ গেমসের প্রস্তুতি ঠিক পথেই এগোচ্ছে। ফেডারেশনের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম চালালে আমরা নিশ্চিত সফল হব।"
কোরিয়ায় তায়কোয়ান্দের এই সাফল্যে ফেডারেশনের কর্মকর্তাদের অভিনন্দনও জানিয়েছেন বিওএ মহাসচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২০৪০ঘ.
bdnews24