লন্ডন, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উইগ্যান অ্যাথলেটকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আবার জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনাল ৪-১ গোলে পোর্টসমাউথকে হারিয়ে পৌছে গেছে প্রিমিয়ার লিগের শীর্ষে। কাগজ কলমে অন্যতম শক্তি ম্যান ইউ-এর নগর প্রতিদ্বন্দী ম্যানচেস্টার সিটি ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে। অন্যান্য খেলায় জিতেছে সান্ডারল্যান্ড, হাল সিটি। বার্মিংহাম সিটি ও স্টোক সিটির ম্যাচ শেষ হয়েছে ০-০ গোলে।
শনিবারের ম্যাচে উইগ্যানের মাঠে প্রথমার্ধে প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি ম্যান ইউ। কিন্তু দ্বিতীয়ার্ধে গুনে গুনে ৫টি গোল দিয়েছে। উইগ্যানের প্রাক্তন খেলোয়াড় অ্যান্টনিও ভ্যালেন্সিয়ার ক্রস জালে জড়িয়ে গোলের খাতা খোলেন ওয়েন রুনি ৫৬ মিনিটে। সেই সঙ্গে ম্যান ইউ-এর পক্ষে নিজের শততম গোলের মাইলফলককে পৌছে যান তিনি।
দলের পক্ষে তৃতীয় গোল করেন রুনি ৬৫ মিনিটে। এর আগে ৫৮ মিনিটে দ্বিতীয় গোল করেন দিমিতের বারবেতভ। গত দুই ম্যাচ খারাপ খেলায় মাইকেল ওয়েনকে এদিন বদলি হিসেবে নামিয়েছিলেন কোচ ফার্গুসন। ৮৫ মিনিটে চতুর্থ গোলটি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে রোনালদো ধাঁচের ফ্রি-কিক করে পঞ্চম গোল করেন ন্যানি।
লিগের প্রথম ম্যাচ থেকেই বড় ব্যবধানে জিতে আসছে আর্সেনাল। এদিনও জিতেছে বড় ব্যবধানে। ৪-১ গোলে পোর্টসমাউথকে হারায় তারা। আর্সেনালের পক্ষে আবু দিয়াবি ২টি এবং গ্যালাস ও রামসে ১টি করে গোল করেন।
৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহাম হটস্পার ও ম্যান ইউ তালিকায় একই সঙ্গে শীর্ষে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে আছে আর্সেনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৪২ ঘ.
bdnews24