ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেরিতে হলেও আরও ছয় হকি খেলোয়াড় যাচ্ছেন জার্মান হকি লিগে খেলতে। বাংলাদেশ হকি ফেডারেশন জানিয়েছে, সোমবার রাতে জার্মানির উদ্দেশে রওয়ানা হবেন তারা।
এই ছয় হকি খেলোয়াড় হলেন নান্নু, চন্দন, মানিক, শুভ, রাজন ও পিন্টু। তাদের মধ্যে নান্নু ও রাজন খেলবেন প্রথম বিভাগ লিগে। বাকিরা খেলবেন দ্বিতীয় বিভাগে। এর আগে বাংলাদেশের তিন হকি খেলোয়াড় জিমি, কুটি ও চয়ন জার্মানি যান দ্বিতীয় বিভাগের লিগে অংশ নিতে।
আন্তর্জাতিক টুর্নামেন্টের ভিডিও ফুটেজ দেখে বাংলাদেশ থেকে ১৮ জন হকি খেলোয়াড় বাছাই করে জার্মান লিগের বিভিন্ন ক্লাব। তাদের মধ্যে ১১ জন খেলতে পারবেন। বাকি সাতজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় জার্মানির নিয়ম অনুযায়ী, তারা লিগে খেলার অনুমতি পাননি। তবে চুক্তির শর্ত অনুসারে তাদের থাকা, খাওয়া ও অনুশীলনের সুযোগ দেবে ক্লাব। অবশ্য অপেশাদার লিগে খেলতে পারবেন তারা।
বাংলাদেশের হকি খেলোয়াড়রা শুধু জার্মান লিগেই খেলবেন না। মিউনিখে অনুশীলন ক্যাম্পেও অংশ নেবেন। বাংলাদেশের দুই জার্মান কোচ অলিভার কটেজ ও জেরহার্ড পিটার এই সুযোগ করে দিয়েছেন খেলোয়াড়দের।
জার্মান লিগ শেষে স্বাগতিক স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশের হকি সিরিজ হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৫৩ ঘ.
bdnews24