বার্লিন, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পায়ে অপারেশনের পর পুরোপুরি সেরে ওঠেননি বিশ্ব রেকর্ডের অধিকারী পলা র্যাডক্লিফ। তাই বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যারাথনে তিনি অংশ নিচ্ছেন না।
ব্রিটেনের এই অ্যাথলেট বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
ইনজুরির কারণে ২০০৫ সালের বিশ্ব চ্যাম্পিয়ন র্যাডক্লিফ মৌসুমের বেশির ভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন। তবে গত সপ্তাহে ফিটনেস পরীক্ষার জন্য নিউইয়র্কে অর্ধেক ম্যারাথন অংশ তিনি। শিরোপাও জেতেন। তারপরও তিনি বলেন, অর্ধেক ম্যারাথন দৌড়ানোর মতো অবস্থা থাকলেও পুরো ম্যারাথনে অংশ নেওয়ার মতো অবস্থায় পৌঁছাননি তিনি।
এক বিবৃতি তিনি বলেন, "দেশের পক্ষে বার্লিনে দৌড়াতে পারছি না বলে আমার মন খুব খারাপ। বিশেষ করে, কম দূরত্বের দৌড়ে এত ভালো করার পর।"
পুরোপুরি সেরে উঠলেই মাঠে ফিরবেন বলে জানান র্যাডক্লিফ। বলেন, "২০১২ সালের লন্ডন অলিম্পিকে অংশ নেওয়ারও চেষ্টা করব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৯৪৫ ঘ.
bdnews24