ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিল সংলগ্ন আরামবাগ ক্লাব পাড়ায় সরকার ক্লাবগুলোর জন্য বহুতল ভবন গড়ার পরিকল্পনা করছে বলে বুধবার জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
তবে এখনো খুব বেশি বিস্তারিত জানা না গেলেও তাদের বরাদ্দ পাওয়া জমিতে সরকারী উদ্যোগে ক্রীড়া কমপ্লেক্স গড়ার এ পরিকল্পনা পছন্দ করেনি সেখানকার কয়েকটি ক্লাব।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন,"আরামবাগ ক্লাব পাড়ায় ২১ থেকে ২২ বিঘা জমি আছে। সেখানে বহুতল ভবন তৈরির চিন্তাভাবনা আছে সরকারের। ক্লাবগুলোকে ভবনেই জায়গা দেয়া হবে।"
বহুতল ওই ভবনকে ক্রীড়া কমপ্লেক্সের আদলে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আহাদ আলী সরকার। প্রতিটি ভবনের নিচে থাকবে জিমন্যাসিয়ামসহ নানান সুবিধা। তার মতে এ থেকে উপকৃতই হবে ক্লাবগুলো।
কিন্তু ক্লাবগুলো তাদের জায়গা ছাড়তে রাজি নয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কয়েকটি ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার বহুতল ভবন তৈরির উদ্যোগ নিলে তারা এতে বাধা দেবেন।
ঢাকা মোহামেডানের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগের সরকার আমাদের ক্লাবের জমি স্থায়ীভাবে বরাদ্দ দিয়েছে। সরকার নয় আমরাই ভবন বানাবো।"
মোহামেডানের সঙ্গে একমত ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক নেসারউদ্দিন কাজল। তিনি বলেন,"আমাদের ভাল করার ইচ্ছে থাকলে সরকার ক্লাবের জন্য স্থায়ীভাবে প্লট করে দিক। সেখানে কমপ্লেক্স গড়ে তুলবো আমরাই। এর আয় থেকে দল বানাতে সুবিধা হবে।"
ওয়ারী ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চুর মতে,"ভবন তৈরি করলে ক্লাবগুলোর কোন উপকার হবে না। পরিস্থিতি অন্যরকম হলে আমরা ক্লাবগুলো এক সঙ্গে বসেই সিদ্ধান্ত নেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৭ঘ.
bdnews24