ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---অবশেষে রিয়ালের সঙ্গে দীর্ঘ ১০ বছরের সম্পর্ক চুকিয়ে দিচ্ছেন মাইকেল সালগাদো। এ মৌসুমে তিনি খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে। এরই মধ্যে ব্ল্যাকবার্নের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন এই ডিফেন্ডার।
সালগাদোকে দলে পেতে কোন টাকাই খরচ করতে হয়নি ব্ল্যাকবার্নকে। কারণ রিয়াল মাদ্রিদ ট্র্যান্সফার ফি দাবিই করেনি। ব্ল্যাকবার্ন রোভার্স বুধবার নিজস্ব ওয়েবসাইটে সালগাদোকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
মাইকেল সালগাদো ১৯৯৫ সালে তার ক্যারিয়ার শুরু করেন সেল্টা ভিগোর হয়ে। ১৯৯৯ সালে যোগ দেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। এরপর টানা খেলেছেন রিয়ালেই। ১০ বছরে রিয়ালের হয়ে চারটি স্প্যানিশ লিগ, তিনটি স্প্যানিশ সুপার লিগ, দু'টি চ্যাম্পিয়ান্স লিগ এবং একটি করে উয়েফা সুপার কাপ ও ইন্টারনাশনাল কাপ জয়ের সঙ্গী হয়েছেন তিনি।
সালগাদোর এই অবদান স্মরণীয় করে রাখতে সোমবার নরওয়ের রোসেনবর্গ ট্রন্ডহেইমের বিপক্ষে এক প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ দিয়েই আনুষ্ঠানিক বিদায় জানানো হবে তাকে।
স্পেনের জাতীয় দলের হয়ে ৫৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সালগাদো। ২০০৬ সালে তিনি জাতীয় দল থেকে অবসর নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএ/এসকে/২৩৫৯ঘ.
bdnews24