লন্ডন, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচটিও জিতেছে চেলসি।
গত মঙ্গলবারের এই ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের শুরু থেকে সান্ডারল্যান্ডকে চেপে ধরে তারা এবং তিনটি গোল আদায় করে নেয়।
প্রথমার্ধেও অবশ্য চেলসি খুব একটা খারাপ খেলছিল তা নয়। ১৮ মিনিটে ড্যারেন বেন্টের গোলে এগিয়ে গিয়েছিল সান্ডারল্যান্ড। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে সেই গোল ফিরিয়ে দেন মাইকেল বালাক। এরপর চেলসির সামনে আর দাঁড়াতেই পারেনি সান্ডারল্যান্ড।
৬১ মিনিটে বল নিয়ে তীব্র বেগে ডি-বক্সে ঢুকে পড়া দ্রগবাকে ফেলে দেন জর্জ ম্যাকার্নি। পেনান্টি দিতে দ্বিতীয়বার ভাবেননি রেফারি। ল্যাম্পার্ডের পেনাল্টি চেলসিকে এগিয়ে দেয় ২-১ গোলে আর ল্যাম্পার্ডকে বসিয়ে দেয় জিমি গ্রেভসের পাশে। দুজনেই চেলসির পক্ষে পঞ্চম সর্বোচ্চ ১৩২ গোল করেছেন।
সান্ডারল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠোকেন পর্তুগাল মিডফিল্ডার ডেকো। খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে করা তার তীব্র শট পরাস্ত করে সান্ডারল্যান্ড গোলকীপার মার্টন ফুলপকে।
খেলা শেষে চেলসি কোচ আনচেলত্তি স্কাই স্পোটর্সকে বলেন , "আমরা খেলার শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ভালো খেলেছি। যদিও প্রথমার্ধে গোল খেয়েছিলাম তারপরও আমরা মানসিকভাবে ভেঙে পড়িনি, খেলার দখলও হারাইনি। "
ইতালিয়ান কোচ আরও যোগ করেন, " আমাদের জন্য এটা ছিল দারুণ ম্যাচ। আমি খুশি, কারণ দল খুব তাড়াতাড়ি উন্নতি করছে। "
প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে চেলসি হাল সিটিকে ২-১ গোলে হারিয়েছিল। দুই ম্যাচে দুই জয় চেলসিকে পয়েন্ট তালিকার শীর্ষে নিয়ে গেছে।
দিনের অন্য খেলায় উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্স ১-০ গোলে উইগ্যান অ্যাথলেটকে হারিয়েছে। স্ট্রাইকার অ্যান্ডি কেওজ খেলার ৫ মিনিটের সময় উলভারহ্যাম্পটনের পক্ষে গোলটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসকে/২৩৪৫ঘ.
bdnews24