মন্ট্রিল, আগস্ট ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---মূলত রজার ফেদেরার এবং রাফায়েল নাদালকে ঘিরেই জমে উঠেছিল এবারের মন্ট্রিল মাস্টার্সের আসর। কিন্তু শুক্রবার দুজনের কেউই শেষ আটের বাঁধা টপকাতে না পারায় মন্ট্রিল মাস্টার্স অনেকটাই ম্লান হয়ে গেছে।
প্রথম সেটে ফ্রান্সের জো উইলফ্রায়ের টিসঙ্গার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও ৭-৬ ব্যবধানে হেরে যান ওয়ার্ল্ড নম্বর ওয়ান রজার ফেদেরার। কিন্তু দ্বিতীয় সেটেই তিনি দারুণভাবে ফিরে এসেছিলেন ৬-১ এ জিতে। টিসঙ্গা দ্বিতীয় সেটে বাঁ বাহুতে আঘাত পাওয়ায় ধারণা করা হয়েছিল তৃতীয় সেটটি বুঝি সহজেই জিতে যাবেন ফেদেরার। কিন্তু নাটকীয়ভাবে টিসঙ্গা ৭-৬ সেটে তৃতীয় ম্যাচটি জয় করে নিলে মন্ট্রিল মাস্টার্সের সেমিফাইনালে ওঠা আর হয়ে ওঠেনি তার। ১৫তম গ্র্যান্ডস্লাম জয়ের পরে এটাই ছিল ফেদেরারের প্রথম কোনও টুর্নামেন্টে নামা।
অন্যদিকে মন্ট্রিল মাস্টার্সের বর্তমান চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড নম্বর টু স্প্যানিশ রাফায়েল নাদালও তার হাঁটুর ইনজুরি কাটিয়ে দু মাস পর কোর্টে ফেরাটাকে স্মরণীয় করতে পারেননি। শেষ আটের লড়াইয়ে তিনি হেরে গেছেন আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোর্তোর কাছে, ৭-৬, ৬-১ সেটে।
তবে এ পরাজয় তার জন্য আরও বড় ক্ষতিও ডেকে আনতে পারে। রাশান দেবিদেঙ্কোকে ৬-২, ৬-৪ সেটে হারিয়ে সেমিফাইনালে ওঠা স্কটিশ অ্যান্ডি মারে ফাইনালে উঠতে পারলে র্যাঙ্কিংয়ের দুই নম্বর স্থানটিও হারাবেন নাদাল।
সেমিফাইনালে অ্যান্ডি মারে মোকাবেলা করবেন ফরাসি টিসঙ্গাকে এবং দেল পোত্রো মুখোমুখি হবেন মার্কিনী অ্যান্ডি রডিকের। রডিক ৬-৪, ৭-৬ সেটে সার্বিয়ান নোভাক দকোভিচকে হারিয়ে সেমির টিকেট কাটেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24