আমস্টারডাম, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েছিল ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ড। কিন্তু বদলি হিসেবে নেমে জারমেইন ডিফো পাল্টে দেন ম্যাচের চিত্র। দুই গোল শোধ করে বাঁচিয়ে দেন ইংল্যান্ডকে।
আমস্টারডামে বুধবার প্রীতি ম্যাচে ডিফেন্ডারদের ভুলে হারতে বসেছিল ইংল্যান্ড। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ১৩ মিনিট আগে ডিফো দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন।
খেলার ১০ মিনিটের মাথায় ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের ভুল ব্যাকপাস ধরে ফেলেন সুযোগ সন্ধানী ডাচ স্ট্রাইকার দার্ক কুয়েত। এরপর অত্যন্ত ঠান্ডা মাথায় গোলকিপার রব গ্রিনকে সাইডস্টেপিং করে বল পঠিয়ে দেন জালে।
৩৭ মিনিটের মাথায় আবারও ভুল পাস। ডিফেন্ডার গ্যারেথ ব্যারির দেওয়া পাসটি পায়ে পেয়ে আরজেন রবিন তীব্র শট নেন। তা ঠেকিয়ে দেন গোলকিপার রব গ্রিন। কিন্তু বল গিয়ে পড়ে রাফায়েল ভ্যান দার উইকের পায়ে। বল ঠেলে দেন তিনি জালে।
দ্বিতীয়ার্ধে আহত বাঘের মতো খেলতে থাকে ইংল্যান্ড। ইনজুরিতে পড়া স্টিফেন জেরার্ডের অনুপস্থিতি বুঝতেই দিলেন না দুই উইঙ্গার ডেভিড বেকহ্যাম ও অ্যাশলে ইয়ং। তাদের ধারালো আক্রমণে কেঁপে ওঠে ডাচ ডিফেন্স। আর বদলি হিসেবে নেমেই ম্যাচের ধারাই একেবারে পাল্টে দিলেন জারমেইন ডিফো।
ম্যাচ শেষে কোচ ফ্যাবিও ক্যাপেলো বলেন, "গোলের অনেক সুযোগ ফুটবলাররা নষ্ট করেছেন। তবে আমি খুব একটা হতাশ নই। ফুটবলে এ ধরনের ভুল হরহামেশাই হয়।"
ডাচ কোচ প্রতিপক্ষের প্রশংসা করতে ভোলেননি। বলেন, "দ্বিতীয়ার্ধে তারা আমাদের চাপে ফেলে দেয়। আর তা থেকে আমরা আর বের হয়ে আসতে পারিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/০০০০ ঘ.
bdnews24