ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল পাড়ায় গত তিনদিনে গুঞ্জন ছিলো ব্রাজিলীয় কোচ অ্যাডসন সিলভা ডিডোকে হয়তো বাংলাদেশের পাট চুকিয়ে বিদায় নিতে হবে। কিন্তু শেষপর্যন্ত সে পথে হাঁটছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ডিডোকে বরখাস্তের বিষয়টি বৃহস্পতিবার নাকচ করে দিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা।
বড্ড একগুয়ে হিসেবেই কোচ ডিডো পরিচিতি পেতে শুরু করেছেন। বিদ্রোহী আট ফুটবলারকে তো মেনেই নেননি। উপরন্তু বিকেএসপির আবাসিক ক্যাম্পের অনুশীলন ম্যাচে জুনিয়র ফুটবলার প্রিতমের ওপর চড়াও হন গত সোমবার। এ খবর রটতেও দেরি হয়নি।
এত কিছুর পরও কোচের ওপর ভরসা রাখছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষ ব্যক্তি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার নিজ বাসায় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে জরুরি সভায় বসেছিলেন তিনি। সবকিছু বিচার বিশ্লেষণের পর কর্মকর্তাদের রায় কোচের পক্ষেই গেছে।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদল রায় বলেছেন, "ব্রাজিলীয় কোচই থাকছেন। তবে পারফর্মেন্স বিচার-বিবেচনা করে খেলোয়াড়দের জাতীয় দলে নিতে হবে। ফেডারেশন কাপ এবং 'বি' লিগে যারা ভাল খেলবে তারা বিদ্রোহী হলেও তাদের বাদ দিতে পারবেন না ডিডো।"
তিন মাস প্রশিক্ষণ দিয়ে ৩২ ফুটবলারকে জাতীয় দলের জন্য গড়ে তোলা হয়েছে। শুক্রবার অনুশীলন শেষে আপাতত ক্যাম্পের সমাপ্তি টানা হবে। এরপর ফেডারেশন কাপ ও পেশাদার ফুটবল 'বি' লিগের খেলা শেষ হলে ফের জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।
তবে লিগ চালার সময় তিন মাসে ডিডোর প্রশিক্ষণে জাতীয় দলের ক্যাম্পের খেলোয়াড়রা কতটা উন্নতি করেছেন তার মূল্যায়ন করবেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা। কোচ ডিডো এ সময় পরবর্তী ক্যাম্পের জন্য খেলোয়াড় বাছাই করবেন।
বাদল রায় বলেন, "এই তিন মাসে কোচের মেজাজ বোঝা গেছে। সেই সঙ্গে ফুটবলারদের মানসিকতাও জানা গেছে। অনেকেই যে কোচকে পছন্দ করছেন না তার প্রমাণও আমরা পেয়েছি। কারণ ক্যাম্পের সামান্য ঘটনাও বাইরে বেরিয়ে আসছে।"
গত তিন মাসের ক্যাম্প চালাতে প্রায় ৫০ লাখ টাকা খরচ হয়েছে বাফুফের। এর প্রতিদান দিতেই বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছেন ব্রাজিলীয় কোচ ডিডো। ফেডারেশনও তাকে সমর্থন দিচ্ছে।
ডিডোর সহকারী শফীকুল হক মানিককে এরই মধ্যে অন্য দায়িত্ব দিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। নতুন সহকারী পাবেন ডিডো। অনূর্ধ্ব ১৯ দলের কোচের দায়িত্বে থাকবেন মানিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০২০ ঘ.
bdnews24