ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার বদলের সঙ্গে ক্রীড়া ফেডারেশনগুলোর সভাপতি পরিবর্তনের ঘটনা নতুন নয়। মহাজোট সরকার ক্ষমতায় আসার সাত মাসে বেশ কয়েকটি ফেডারেশনের সভাপতি পদে পরিবর্তনও এসেছে। তারই ছোঁয়া লেগেছে বাংলাদেশ অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশনে। বুধবার এক প্রজ্ঞাপনে নতুন সভাপতির নাম ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
নতুন সভাপতি করা হয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এ এস এম আলী কবীরকে। তবে আগের সভাপতির বিষয়ে প্রজ্ঞাপনে কিছুই বলেনি মন্ত্রণালয়। প্রায় এক বছর ধরে অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন ঢাকা ব্যাংকের পরিচালক এটিএম হায়াতুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ১৯৭৪-এর ২০ ধারা অনুযায়ী অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতির পদে পরিবর্তন এনেছে সরকার।
ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রোববার নাগাদ দায়িত্ব বুঝে নিতে পারেন নতুন সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯২৯ ঘ.
bdnews24