ঢাকা, আগষ্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যথাযথ প্রশিক্ষণ ও দীর্ঘ মেয়াদী নিবিড় অনুশীলনের মাধ্যমে দক্ষ ক্রীড়াবিদ তৈরির আহবান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। ঢাকায় আসন্ন একাদশ দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ) প্রস্তুতি নিয়ে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে ফেডারেশনগুলোর কর্মকর্তাদের সঙ্গে মত-বিনিময়কালে এ আহবান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, "আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া সম্ভব, এমন ক্রীড়াবিদ তৈরি করতে ফেডারেশনগুলোকে আরো বেশি সক্রিয় হতে হবে।" এজন্য সরকারে পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন আহাদ আলী সরকার।
ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় ক্রিকেট দলের সাফল্যকে উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী বলেন,"সাফল্য পেলে ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতার অভাব থাকবে না।"
ফেডারেশনগুলো বার্ষিক ব্যয় নিরূপণের জন্য যুব ও ক্রীড়া সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব আহমেদ, বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমেদসহ বিভিন্ন ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএস/টিআর/২২১৫ ঘ.
bdnews24