রোম, আগস্ট ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মাইকেল ওয়েনের ওপর ইংলিশ কোচ ফ্যাবিও ক্যাপেলোর নেক নজর না থাকলেও ডেভিড বেকহ্যামের ওপর ঠিকই আছে। দলেও তাকে পেতে চান। তবে এজন্য তাকে আমেরিকা ছেড়ে ইউরোপে আসতে হবে।
সে কথা বলতেও দ্বিধা করছেন না ইংলিশ কোচ। তিনি বলেন, ২০১০ সালের বিশ্বকাপ ফুটবল খেলতে চাইলে বেকহ্যামকে আগামী মৌসুমের দ্বিতীয়ার্ধে ইউরোপে ফেরা অত্যন্ত জরুরী।
সোমবার স্প্যানিশ দৈনিক লা গেজেত্তা দেল্লো স্পোর্টসকে ক্যাপেলো বলেন,"বেকহ্যাম খুব ভালো করেই জানেন যে ডিসেম্বরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বড় আসরটি ধরতে না পারলে বিশ্বকাপ খেলার কোনও আশা তার নেই।"
৩৪ বছরের বেকহ্যাম অবশ্য গতবার আমেরিকান ক্লাব এলএ গ্যালাক্সি থেকে ইতালীয় ক্লাব এসি মিলানে ধারে খেলেছেন। সেই সুবাদে ইংল্যান্ডের হয়ে মাঠে নামার সুযোগও পেয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৮৫৫ ঘ.
bdnews24