২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের ক্যাম্পের ১২ ফুটবলার মোহামেডানে

'বি' লিগের দু'টি শিরোপাই হারানোর যন্ত্রণা ভুলতে দলবদলের মাঠে এবার আটঘাট বেঁধেই নেমেছিল ঢাকা মোহামেডান। আগের মৌসুমে খেলা নিজের দলের সেরাদের ধরে রেখে, অন্যের ঘর থেকে ছিনিয়ে এনেছে তারকা ফুটবলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 06:16 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বি' লিগের দু'টি শিরোপাই হারানোর যন্ত্রণা ভুলতে দলবদলের মাঠে এবার আটঘাট বেঁধেই নেমেছিল ঢাকা মোহামেডান। আগের মৌসুমে খেলা নিজের দলের সেরাদের ধরে রেখে, অন্যের ঘর থেকে ছিনিয়ে এনেছে তারকা ফুটবলার। শনিবার মোহামেডান নিবন্ধন করিয়েছে জাতীয় দলের ক্যাম্পের ১২ খেলোয়াড়কে। কাগজে কলমে 'বি' লিগের তৃতীয় আসরে সেরা দলটাই গড়েছে সাদাকালো শিবির। বলা যেতেই পারে আবাহনীর চেয়ে দল বদলে অনেকটা এগিয়ে গেছে তারা। হ্যাট্রিক শিরোপা জয়ের সম্ভাবনা থাকলেও ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি, রক্ষণভাগের ওয়ালি ফয়সাল আর মাঝমাঠের মামুনুল ইসলাম আবাহনী ছেড়ে পাড়ি জমালেন মোহামেডানে। গোপীবাগের ব্রাদার্স থেকে মতিঝিল পাড়ায় চলে এসেছেন আক্রমণ ভাগের জাহিদ হোসেন ও আরিফুল ইসলাম আরিফ। ফরাশগঞ্জ থেকেও মোহামেডানে যোগ দিয়েছেন দু'জন। জাতীয় দলের তারকা মামুন মিয়া এবং আব্দুল বাতেন। আলমগীর কবীর রানাকে ভাগ্যবানই বলতে হবে। 'বি' লিগে তার অভিষেক হতে যাচ্ছে অন্যতম 'পরাশক্তি' মোহামেডানের হয়ে। এছাড়া গোলরক্ষক আমিনুল হক, মোফাজ্জল হোসেন সৈকত, আরমান আজিজ ও নাসির উদ্দিন- এই চার পুরোনো খেলোয়াড়কে ধরে রেখেছে মোহামেডান। তবে এখনো তাদের দলবদলের কোটা পূরণ হয়নি। আছে বিদেশি ফুটবলার। তাছাড়া তরুণ প্রতিভাও খুঁজছে সাদাকালোরা। মোহামেডানের দিনে দলবদলে অংশ নিয়েছে 'বি' লিগের নবাগত দল ফেনী সকার ক্লাব। তারা নিবন্ধন করিয়েছে ১৩ ফুটবলারকে। আরামবাগ ক্রীড়া সংঘের পিয়ারুজ্জামান পিরু, তাবিথ এম আওয়াল ও আনোয়ার হোসেন যোগ দিয়েছেন ফেনী সকার ক্লাবে। ব্রাদার্স ইউনিয়ন থেকে আকরামুজ্জামান লিটন, চট্টগ্রাম আবাহনীর গোলাম মোস্তফা তুহিন, খুলনা আবাহনী কেসির শাহীনুর রহমান শাহীন, রহমতগঞ্জের নূরুল আলম শিপন, ফরাশগঞ্জের আমিনুল ইসলাম ও মুক্তিযোদ্ধা কেসির আসিফ ইউসুফ নাম নিবন্ধন করেছেন ফেনী সকারের পক্ষে। এছাড়া একেবারে নতুন মুখ হিসেবে আরো তিনজনকে নিয়েছে নবাগত এই দলটি। তারকা খেলোয়াড় না থাকলেও সার্বিক বিচারে বলা যায় মাঝারি মানের দল গড়েছে ফেনী সকার ক্লাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৫ঘ.