২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ট্রিলে আবার শুরু হচ্ছে ফেদেরার-নাদাল লড়াই

দুই মাসের লম্বা বিরতি দিয়ে আবারও কোর্টে নামছেন স্প্যানিশ রাফায়েল নাদাল। অন্যদিকে ওয়ার্ল্ড নম্বর ওয়ান এবং নতুন বাবা রজার ফেদেরারও রীতিমতো মুখিয়ে আছেন মন্ট্রিল মাস্টার্সে তাকে মোকাবেলা করার জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 04:43 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

মন্ট্রিল, আগস্ট ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দুই মাসের লম্বা বিরতি দিয়ে আবারও কোর্টে নামছেন স্প্যানিশ রাফায়েল নাদাল। অন্যদিকে ওয়ার্ল্ড নম্বর ওয়ান এবং নতুন বাবা রজার ফেদেরারও রীতিমতো মুখিয়ে আছেন মন্ট্রিল মাস্টার্সে তাকে মোকাবেলা করার জন্য। আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া মন্ট্রিল মাস্টার্সের শিরোপা তৃতীয় বারের মতো জেতার লক্ষ্যও থাকবে তার। গত মাসে যমজ কন্যার বাবা হওয়া উইম্বলডন চ্যাম্পিয়ন ফেদেরার শুক্রবার ঘোষণা দিয়েছেন, মন্ট্রিল মাস্টার্সে তিনি খেলবেন। নাদালও ইনজুরি কাটিয়ে এ টুর্নামেন্ট দিয়েই দু' মাস পর কোর্টে নামছেন। ফলে দুজনের মধ্যে পুরনো প্রতিদ্বন্দ্বিতার আভাষে নড়েচড়ে বসছেন টেনিস ভক্তরা। ফেদেরার তার ব্যক্তিগত ওয়েবসাইটে বলেন,"যদি আমি গত সপ্তায় অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পেতাম, তবে অবশ্যই বলতাম যে আমি পুরো ফিট আছি"। "..তবে পুরো পাঁচ সপ্তাহ সময় পেয়েছি, আমি তাই খুশি মনেই কোর্টে নামার জন্য তৈরি।" টুর্নামেন্ট পরিচালক ইউজিন ল্যাপিয়ের জানিয়েছেন, তিনি ফেদেরারের কাছ থেকে শুক্রবার সকালে এ ব্যাপারে একটি ফোন কলও পেয়েছেন। তিনি বলেন,"যখন দেখলাম আমার ফোনে সুইস এরিয়া কোডের নম্বর ভেসে উঠল, তখন আমার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার যোগাড়।" "আমরা খুবই আনন্দিত যে বিশ্বের শীর্ষ ২০ খেলোয়াড়ের ১৯ জনই এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে। টেনিস ভক্তরা ব্যাপারটি উপভোগ করবে বৈকি।" ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে সুইডিশ রবিন সদারলিঙ্কের কাছে হেরে যাওয়া নাদাল ৩১ মের পর আর কোর্টে নামেননি। ওই ম্যাচে তিনি তার দু' হাঁটুতেই ব্যথা পান। এ সময়ের মধ্যে অনেক কিছুই ঘটে গেছে। ফেদেরারের কাছে নাদাল তার ফরাসি ওপেনের শিরোপা হারিয়েছেন, খুইয়েছেন উইম্বলডনের শিরোপা এবং শেষমেশ র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২২৪৮ঘ.