ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রীড়া পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বুধবার পালন করা হলো আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের ৬০তম জন্মবার্ষিকী। অনুষ্ঠানে আবাহনীর খেলোয়াড়দের হাতে সাফল্যের স্বীকৃতি স্বরূপ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক্রিকেট, ফুটবল ও হকিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়া হয়। ক্রিকেটে বর্ষ সেরার পুরস্কার পেয়েছেন আবাহনীর অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। ফুটবলে বর্ষ সেরা হয়েছেন গোল রক্ষক বিপ্লব। আর হকিতে রাসেল মাহমুদ জিমি সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।
এছাড়া ঢাকা প্রিমিয়িার ক্রিকেট লিগে টানা তিনবার চ্যাম্পিয়ন এবং ফুটবলে টানা দু'বার 'বি' লিগ চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দেরও ব্যক্তিগতভাবে পুরস্কার দেয়া হয়। ক্রীড়া সংগঠক হিসেবে এবার পুরস্কার পান আবাহনীর ১৯৭৫ সালের সভাপতি আকমল ইবনে ইউসুফ।
বিশেষ ক্রেস্ট দেয়া হয় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও বিসিবি সভাপতি সিনা ইবনে জামালীকে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "ক্রীড়াঙ্গনকে দলীয় রাজনীতির বাইরে রাখতে হবে। খেলাধুলা নিয়ে রাজনীতি করা হলে সাফল্য আসবে না।"
"বাংলাদেশ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজে সফল হয়েছে। কঠোর অনুশীলনের মধ্য দিয়ে বাকিদেরও লক্ষ্যে পৌঁছাতে হবে" বলেন তিনি।
শেখ কামালের জন্মবার্ষিকীতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী এবং সংসদ সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২১৫ ঘ.
bdnews24