ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ) উপ-কমিটিতে ৯ সাংসদকে অন্তর্ভুক্ত করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
২০১০ সালে ঢাকায় এই গেমস অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জানায়, একাদশ এসএ গেমস আয়োজনে সাংসদরা উপ-কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
১৯ জুলাই একটি সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিওএ সহ-সভাপতি মিজানুর রহমান মানু, উপ সাধারণ সম্পাদক আনিসুর রহমান দীপু ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিউল্লাহ গেমস আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানাতে গেলে সেখানেই সাংসদদের উপদেষ্টা হিসেবে রাখার সুপারিশ করা হয়। বিওএ সংসদীয় স্থায়ী কমিটির সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করে বুধবার।
সাংসদরা হলেন মিজানুর রহমান খান, মাহবুব আরা বেগম গিনি, জাহিদ আহসান রাসেল, এম কবিরুল হক, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, এম শফিকুল আজম খান, তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, মোহাম্মদ আমজাদ হোসাইন ও শামসুল হক চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১২৭ ঘ.
bdnews24