ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাঁতারের আবাসিক ক্যাম্প হওয়ার কথা ছিল বিকেএসপিতে। সাঁতার ফেডারেশনের কর্মকর্তাদের আপত্তির মুখে শেষে প্রশিক্ষণের জন্য বেছে নেয়া হয় সেনা বাহিনীর সাঁতার পুলকে। কিন্তু সেখানে অনুশীলন করতে গিয়েই বিপাকে পড়েন সাঁতারুরা। সেনা বাহিনীর সাঁতার দলের সঙ্গে সময় ভাগাভাগি করতে গিয়ে অনুশীলন ব্যহত হচ্ছে বলে অভিযোগ করেন দক্ষিণ কোরীয় কোচ পার্ক টি গুন।
"আর্মি সাঁতার পুলে আমরা অনুশীলনের তেমন কোন সুযোগই পাচ্ছি না। বিকেএসপি যেতে চাই, নইলে অনুশীলন বন্ধ করে দেব। বিকেএসপি পরিপূর্ণ একটি ক্রীড়া কমপ্লেক্স। সেখানে ক্যাম্প হলে সব সুযোগ পাওয়া যাবে," বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন পার্ক গুন।
অথচ প্রথমদিকে ফেডারেশন বিকেএসপিতে অনুশীলন করতে চায়নি।
পার্ক বলেন, গত ছয় মাসে প্রতিদিনই কিছু না কিছু উন্নতি করেছেন সাঁতারুরা। লক্ষ্য অর্জনে দিনে ১৫ হাজার মিটার সাঁতার কাটতেন সকলে। কিন্তু সেনা বাহিনীর সুইমিং পুলে সময়ের অভাবে দিনে আট হাজার মিটারের বেশি সাঁতার কাটা সম্ভব হচ্ছে না।
অথচ আগামী তিন মাসের মধ্যে অনুশীলনে সাঁতারুদের প্রায় ২০ হাজার মিটারে নিয়ে যেতে চেয়েছিলেন কোরীয় কোচ।
শুধু তাই নয়, কোরিয়া থেকে ভাল মানের কয়েকজন সাঁতারুকেও বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছেন তিনি। অনুশীলনে তাদের বাংলাদেশের সাঁতারুদের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজে লাগাবেন। এ পদ্ধতি ব্যবহার করে দ্রুত উন্নতি করা সম্ভব বলে জানান পার্ক।
সেনা বাহিনীর সাঁতার পুলে অনুশীলনে ব্যাঘাত ঘটার বিষয়টি নিশ্চিত করেছেন সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফাও। তাই কোচের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে বিকেএসপিতেই আবাসিক ক্যাম্প সরিয়ে নিতে আগ্রহী তিনি।
তবে সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ বিদেশে থাকায় শিগগিরই এর সমাধান হচ্ছে না।
গোলাম মোস্তফা বলেন,"ক্যাম্প কমান্ডার হিসেবে আমি খুবই লজ্জিত। আমরা ছয় মাসে যতটা এগিয়েছি। গত দুই সপ্তাহে ঠিক ততটাই পিছিয়েছি। এভাবে চললে এসএ গেমসে সাফল্য প্রায় অসম্ভব হয়ে পড়বে।"
ফেডারেশন বিকেএসপিতে আবাসিক ক্যাম্প সরিয়ে নিতে চাইলেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এ ব্যাপারে কোন সহযোগিতা করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালী উল্লাহ। কারণ সাঁতার ফেডারেশন প্রথম থেকে ক্যাম্প করতে রাজি না থাকায় অন্য কয়েকটি ইভেন্টের খেলোয়াড়দের বিকেএসপিতে অনুশীলনের সুযোগ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, "এটা বিওএর প্রশিক্ষণ কর্মসূচি। আমরা তাদের যেখানে জায়গা দেব তারা সেখানেই থাকবে। সেনা বাহিনীর সুইমিং পুলে তাদের যাতে কোন সমস্যা না হয় সেটি নিশ্চিত করতে চেষ্টা করবো আমরা।"
২০১০ সালে ঢাকায় অনুষ্ঠেয় একাদশ দক্ষিণ এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে ৩ জানুয়ারি থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শুরু করে সাঁতার ফেডারেশন। টানা ছয় মাস মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সেই চলে তাদের অনুশীলন ক্যাম্প। কিন্তু সংস্কার কাজের জন্য সাঁতারুরা বর্তমানে সেখানে অনুশীলনের সুযোগ পাচ্ছেন না। আর এতেই দেখা দিয়েছে জটিলতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৫৭ ঘ.
bdnews24