ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলের ব্যপারে কোচই যে সবকিছু তা আরেকবার বুঝিয়ে দিলেন অ্যাডসন সিলভা ডিডো। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা হাড়ে হাড়ে টের পেলেন এই ব্রাজিলীয় কোচকে টলানো মোটেই সহজ কাজ নয়।
কোচের সঙ্গে বিদ্রোহী ফুটবলারদের মিল করে দিতে মঙ্গলবার বিকেএসপি আবাসিক ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। কোচের কাছে তারা জানতে চেয়েছিলেন বিদ্রোহী আট ফুটবলারকে আলাদা অনুশীলন করানো প্রসঙ্গে। ডিডোও ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন,"সময় হলে তিনিই সবাইকে এক সঙ্গে অনুশীলন করাবেন।"
বিদ্রোহী ফুটবলারদের মন খারাপ হলেও বাস্তবতা মেনে নিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। বাদল রায় বলেন,"কোচ আটজনকে আলাদাই অনুশীলন করাবেন। এ নিয়ে বেশি কিছু বললে হিতে বিপরীত হতে পারে।"
এ মাসের মাঝামাঝি সময়ে জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প শেষ হবে। এরপর পেশাদার ফুটবল 'বি' লিগে খেলবেন ফুটবলাররা। কর্মকর্তারা আশা করছেন এই সময়কালের মধ্যেই মিটে যাবে সব ঝামেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০০৬ ঘ.
bdnews24