২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ গেমসে স্বর্ণ জিতে রেকর্ড করতে চান সাঁতারু ডলি

বিশ্ব সাঁতার তো দূরের কথা দক্ষিণ এশিয়ান গেমসেই (এসএ) এখনও স্বর্ণ পদক জেতেনি বাংলাদেশের মেয়েরা। তাদের বিভাগে রৌপ্য পদকই এসএ গেমসে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। সেটি এসেছে ডলি আক্তারের বদৌলতে দশম এসএ গেমসে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে। ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠেয় এসএ গেমসের এই ইভেন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন ডলি। রোমে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ শেষে মঙ্গলবার দেশে ফিরে নিজের এই লক্ষ্যের কথা জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সেকান্দার আলীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব সাঁতার তো দূরের কথা দক্ষিণ এশিয়ান গেমসেই (এসএ) এখনও স্বর্ণ পদক জেতেনি বাংলাদেশের মেয়েরা। তাদের বিভাগে রৌপ্য পদকই এসএ গেমসে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। সেটি এসেছে ডলি আক্তারের বদৌলতে দশম এসএ গেমসে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে। ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠেয় এসএ গেমসের এই ইভেন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন ডলি। রোমে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ শেষে মঙ্গলবার দেশে ফিরে নিজের এই লক্ষ্যের কথা জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সেকান্দার আলীকে। বিডিনিউজ: বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে কেমন লাগলো? ডলি আক্তার: সত্যিই আমি ভাগ্যবান। বাংলাদেশের মত দেশে জন্ম গ্রহণ করেও দ্বিতীয়বার বিশ্ব সাঁতারে অংশ নিতে পেরেছি। বিশ্বের সেরা সাঁতারুদের খুবই কাছ থেকে দেখেছি। স্টেফানি রাইসরা (অস্ট্রেলিয়ান প্রমিলা সাঁতারু) যে গেমসে ছিলেন সেখানে আমিও ছিলাম। ভাবতেই অবাক লাগে। বিডিনিউজ: তিনটি অলিম্পিক গেমস, দু'টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ আর তিনবার এসএ গেমসে অংশ নিয়েছেন, এত অভিজ্ঞতার পরও কি উন্নতিটা সেভাবে করতে পেরেছেন? ডলি আক্তার: শুধু আন্তর্জাতিক গেমসে অংশ নিলেই উন্নতি করা যায় না। এজন্য দরকার টানা অনুশীলন। আর্থিক নিরাপত্তাও থাকতে হবে। কিন্তু আমাদের দেশে কি এর কোনটি আছে! বলতে গেলে নিজের চেষ্টাতেই এত দূর এসেছি। সাঁতার থেকে আয়-রোজগার তেমন কিছু হয় না। তারপরও দেশের জন্য কিছু একটা করার তাগিদ সবসময়ই অনুভব করি। আশা করি এসএ গেমসের আগে অনুশীলন ঠিকমতো করতে পারলে এবার ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ পদক জিততেও পারি। বিডিনিউজ: নিশ্চয়ই জানেন বাংলাদেশের মেয়েরা এখনো এসএ গেমসে স্বর্ণ জেতেননি? ডলি আক্তার: আন্তর্জাতিক গেমসে স্বর্ণ পদক জিততে হলে ভাল সাঁতারু থাকতে হয়। আমাদের দেশে মেয়ে সাঁতারু বলতে হাতে গোনা কয়েকজন। তাও নানা প্রতিকুলতার মধ্য দিয়ে মেয়েদের সাঁতার কাটতে হয়। এই ধরেন, প্রথম দিকে আমার পরিবার থেকেই সাঁতার কাটতে নিষেধ করা হতো। যেদিন পরিবার থেকে মেয়েদের সাঁতার কাটতে উৎসাহ দেয়া হবে তখনই কেবল আন্তর্জাতিক মানে যাওয়া সম্ভব। তবে ২০/২৫ বছরে অন্তত একটি স্বর্ণ পদক জেতা উচিত ছিলো। বিডিনিউজ: বিশ্ব সাঁতারে অংশ নিতে গিয়ে নিজেকে কি বঞ্চিত মনে হয়েছে? ডলি আক্তার: আমাদের দেশে তো সবাই বঞ্চিত। সাঁতারে স্পন্সর নেই। সরকারি সহযোগিতাও খুব কম। জাতীয় সাঁতারুদের জন্য ভাল চাকরি পর্যন্ত নেই। উন্নত দেশের সাঁতারুদের সঙ্গে তুলনা করে কষ্ট বাড়িয়ে লাভ কি। বিডিনিউজ: রোমে সাঁতারের পোশাক নিয়ে হৈ চৈ দেখে কেমন লেগেছে? ডলি আক্তার: আমাকেও ডোপ টেস্টের সঙ্গে সাঁতারের পোশাকের পরীক্ষা দিতে হয়েছে। এতে আমি অবাক হইনি। কারণ অনেকেই বিতর্কিত সাঁতারের পোশাক ব্যবহার করে অবৈধ সুবিধা নিতে চেষ্টা করে। সেটা ঠেকাতেই সবাইকে পরীক্ষা দিতে হয়। বিডিনিউজ: আপনাদের সাঁতারের পোশাক কি অস্ট্রেলিয়া, জার্মানি কিংবা আমেরিকান সাঁতারুদের মতই? ডলি আক্তার: কি বলেন! আমরা তো একেবারে সাধারণ মানের সাঁতারের পোশাক ব্যবহার করি। ঐ ধরণের সাঁতারের পোশাকের কথা মুখেও আনতে পারি না। কিনতে চাইলেও দেশে এত ভাল মানের একটি পোশাকও পাবেন না। ভাল মানের একটি পোশাকের দাম এক লাখ টাকা। কোন পরিবারের পক্ষেই এটা ছেলে-মেয়েদের কিনে দেয়া সম্ভব নয়। তবে আমি বিদেশ থেকে মোটামুটি মানের কয়েকটি কিনে এনেছি। সেদিক দিয়ে আমি ভাগ্যবান। বিডিনিউজ: এবার একটু অন্য প্রসঙ্গে আসি। মাইকেল ফেলপসকে দেখেছেন? ডলি আক্তার: হ্যাঁ দেখেছি। তিনি অতিমানবীয় এক সাঁতারু। অবশ্য তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। বিডিনিউজ: মাইকেল ফেলপস, স্টেফানি রাইস, রেবেকারা আপনার সঙ্গে ছবি তুলতে চাইলে কি করতেন? ডলি আক্তার: এটা অসম্ভব ভাবনা। সত্যিই তেমন কিছু হলে আমি বোকা হয়ে যেতাম। হয়তো দৌঁড়ে পালাতাম। বিডিনিউজ: সাঁতারের বাইরে রোম কেমন লেগেছে? ডলি আক্তার: খুবই ভাল। যদিও একদিন মাত্র ঘুরে দেখার সুযোগ পেয়েছি। তবে রোম দেখে আমার মনে হয়েছে তাদের মত দেশেই খেলাধুলায় উন্নতি সম্ভব। মেয়েরা যে যার মত চলছে, কোন বাধা নেই। সবুজ শ্যামল রোম দেখেও ভাল লেগেছে। কে বলে বাংলাদেশে গাছ বেশি। রোমের ধারে কাছেও নেই। বিডিনিউজ: আপনাকে ধন্যবাদ। ডলি: আপনাকেও ধন্যবাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৫৭ ঘ.