রোম, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপস ৪ X ১০০ মিটার মিডলে রিলেতেও স্বর্ণ জিতেছেন। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে এটি তার পঞ্চম স্বর্ণ জয়।
রোববার যুক্তরাষ্ট্র ৩ মিনিট ২৭.২৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে দলগতভাবে এই স্বর্ণ জয় করে। এটি ছিল বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ৪৩তম রেকর্ড। বেইজিং অলিম্পিকেও ফেলপস ও তার সঙ্গীরা এই ইভেন্টে রেকর্ড গড়েছিলেন ৩ মিনিট ২৯.৩৪ সেকেন্ড সময় নিয়ে।
বেইজিং অলিম্পিকে আট স্বর্ণ জয়ী এই সাঁতারু অনেকটা অপ্রস্তুত হয়েই রোমে এসেছিলেন। বিভিন্ন ব্যক্তিগত ঝামেলায় জড়িয়ে ছয় মাস তিনি ছিলেন পুলের বাইরে। কিন্তু ফিরে এসেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন রোমের সুইমিং পুলে।
তাই ২০০ মিটার ফ্রিস্টাইলে জার্মানির বাইডারম্যানের কাছে হেরে ২৪ বছরের ফেলপস বলেছিলেন,"আমি মনে করি শুরুটা কোন ব্যাপারই নয়। শেষটাই আসল কথা, কিভাবে তা করছেন সেটাই দেখার বিষয়।"
এরপরই ১০০ ও ২০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জেতেন তিনি। এছাড়া দু'টি ফ্রিস্টাইল রিলেতেও স্বর্ণ জেতেছেন ফেলপস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২১৩২ ঘ.
bdnews24