২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো ডলির বিশ্ব সাঁতার মিশন

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে দেশের সবচেয়ে অভিজ্ঞ সাঁতারু অংশ নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু অভিজ্ঞ সাঁতারু ডলি আক্তার ফিনা ১৩তম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়ানশিপে নিজের সেরা টাইমিংটাও করতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে দেশের সবচেয়ে অভিজ্ঞ সাঁতারু অংশ নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু অভিজ্ঞ সাঁতারু ডলি আক্তার ফিনা ১৩তম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়ানশিপে নিজের সেরা টাইমিংটাও করতে পারেননি। শনিবার ইতালির রোমে ৫০ মিটার ফ্রি স্টাইলে ৩০.১৯ সেকেন্ড সময় নিয়ে ১৬৯ জনের মধ্যে ১৩৯তম হয়েছেন তিনি। শ্রীলংকায় দশম দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) ডলি এই একই ইভেন্টে সময় নিয়েছিলেন ২৯.১৮ সেকেন্ড। ৫০ মিটার ফ্রি স্টাইলে ভারত ও পাকিস্তানের মেয়েরা চমক না দেখালেও ডলি আক্তারের চেয়ে অনেক এগিয়ে আছেন। ভারতের শুভা চিত্তরঞ্জন ২৮.০৪ সেকেন্ড সময় নিয়ে ৯৭তম স্থানে রয়েছেন। ডলির চেয়ে তিন ধাপ এগিয়ে আছেন পাকিস্তানের কিরন খান। ৩০.০৬ সেকেন্ড সময় নেন তিনি। তার অবস্থান ১৩৬তম। ভারত পাকিস্তানের মেয়েদের রেকর্ড দেখার পর ২০১০ সালে ঢাকায় সাফ গেমসে ৫০ মিটার ফ্রি স্টাইলে অন্তত মেয়েদের বিভাগে পদক জেতা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। বিগত এসএ গেমসগুলোতে ভারতের মেয়েরাই আধিপত্য দেখিয়েছে। পদক জিততে হলে আগামী পাঁচ মাসে ডলিকে অন্তত তিন সেকেন্ড সময় কমিয়ে আনতে হবে। তবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ডলির যা পারফরমেন্স তা থেকে কিছুটা উন্নতি করতে পারলে দক্ষিণ এশিয়ান গেসসের এই ইভেন্টে স্বর্ণ জেতা অসম্ভব হবে না। শনিবার রোমে ৩৬.৬২ সেকেন্ড সময় নিয়ে ৭৬তম হয়েছেন ডলি আক্তার। এ ইভেন্টেও নিজের সেরা টাইমিং করতে পারেননি। দশম এসএ গেমসে ৩৬.১৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছিলেন বাংলাদেশের এই সাঁতারু। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের এই ইভেন্টে ভারত এবং পাকিস্তান ডলি আক্তারের চেয়ে পিছিয়ে রয়েছে। ভারতের ভেনপা মুরুগাপেরুমাল ৪০.৬৭ সেকেন্ড সময় নিয়ে ৯৩তম স্থানে রয়েছেন। পাকিস্তানের আলেয়া মেহেদী রয়েছেন ৯৭তম স্থানে। তাই কঠোর পরিশ্রম করলে এসএ গেমসে সাফল্য পেলেও পেতে পারেন ডলি আক্তার। অভিজ্ঞ ডলি আক্তার এ নিয়ে তৃতীয়বার বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিলেন। প্রায় এক যুগ ধরে সাঁতার কেটেও নিজের অবস্থার খুব একটা উন্নতি হয়েছে এমনটা দাবি করতে পারবেন না। এমন কি, তাকে চ্যালেঞ্জ জানানোর মত দেশে কোন প্রমিলা সাঁতারুও তৈরি হয়নি এক যুগে। হয়তো সে কারণেই দক্ষিণ এশিয়া সাঁতারে বাংলাদেশের মেয়েদের ইভেন্টে এখনো স্বর্ণ জেতা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৪৭ ঘ.