সেকান্দার আলী
প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান পেশাদার ফুটবল 'বি' লিগের দল বদলেও যে আলো ছড়াবে তা বলার অপেক্ষা রাখে না। তাই 'বি' লিগের তৃতীয় আসরের দল বদলে যথারীতি ঢাকার এই দুই বড় দলকে ঘিরেই সব আকর্ষণ।
শনিবার শুরু হবে মাসব্যাপী খেলোয়াড় নিবন্ধন। অর্থাৎ কে কতটা শক্তিশালী দল গড়ছে, তার মহড়া হয়ে যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এই নিবন্ধনের মধ্য দিয়ে।
প্রথম সারির কয়েকটি দল বাদ দিলে বাকিদের মধ্যে দল বদল নিয়ে তেমন আগ্রহ নেই। কারণ 'বি' লিগ কমিটির একটি সিদ্ধান্ত তাদের হতাশ করেছে। কয়েক দিন আগে লিগ কমিটি থেকে জানানো হয়, আগামী মৌসুমে পয়েন্ট টেবিলের শেষ তিন দলকে রেলিগেশন করা হবে। অথচ 'বি' লিগের দল বাড়াতে নতুন তিনটি ক্লাব নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদ, ফেনী সকার ক্লাব ও সিলেট বিয়ানীবাজার এসসিকে তৃতীয় আসরে খেলার সুযোগ দেওয়া হয়েছে।
রেলিগেশনের এই নতুন নিয়ম মেনে নিতে পারছে না ঢাকা ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম মোহামেডান, ফরাশগঞ্জ এসসি এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আগের নিয়মে একটি দলের রেলিগেশনের পক্ষে তারা। লিগ কমিটির এই সিদ্ধান্তের কারণেই এখনো ঘর গোছানোর হয়নি এই ক্লাবগুলোর। যদিও এরই মধ্যে একটি দলের রেলিগেশন দাবিতে লিগ কমিটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ক্লাব প্রতিনিধিরা। এর সমাধান না হওয়া পর্যন্ত তারা দল বদলে অংশ নেবে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা।
"আমরা একটি দলের রেলিগেশনের পক্ষে মত দিয়েছি লিগ কমিটিকে। এ ব্যাপারে কোন সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দল বদলে অংশ গ্রহণ থেকে বিরত থাকবো," বললেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান।
দ্বিতীয় আসরে রেলিগেশনের হাত থেকে রক্ষা পাওয়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যানেজার আব্দুস সাত্তার মনে করেন, রেলিগেশনের ভয়ে অনেকেই হয়তো ভাল দল গঠন করবে না। এতে ফুটবলই ক্ষতিগ্রস্ত হবে।
তিনটি দলের রেলিগেশনে আপত্তি নেই চট্টগ্রাম মোহামেডানের কর্মকার্তাদের। কিন্তু এবছর নতুন তিনটি দল অন্তর্ভুক্ত করে পরের বছরই সমান সংখ্যক দলের রেলিগেশনের সিদ্ধান্তকে হাস্যকর মনে করেন তারা।
চট্টগ্রাম মোহামেডানের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেন, "আমরা আগের আসরের চেয়ে এবার লিগে একধাপ উন্নতি করতে চাই। তিন দলের রেলিগেশন নিয়ে আপত্তি নাই। কিন্তু আমরা মনে করি একটি দলকে রেলিগেশন করা হলেই ভাল হতো। এবং যে অঞ্চলের দলটিকে রেলিগেশন করা হবে পরবর্তিতে সেখান থেকেই নতুন দল নেয়া হোক ।"
গত আসরের দুই জায়ন্ট কিলার রহমতগঞ্জ ও ফরাশগঞ্জ এসসির কর্মকর্তারও চান তিন দলের বদলে একটি দলকে রেলিগেশন করা হোক।
রেলিগেশন পদ্ধতি নিয়ে যখন বেশির ভাগ ক্লাব বিতর্কে ব্যস্ত সেই সুযোগে নিজেদের ঘর প্রায় গুছিয়ে নিয়েছে ঢাকার দুই বড় দল আবাহনী-মোহামেডান।
জাতীয় দলের ক্যাম্পে থাকা ৩১ ফুটবলারের মধ্যে ১৩ জনকেই দলে নিচ্ছে গতবারের রানার্সআপ ঢাকা মোহামেডান। সঙ্গে 'বি' লিগের সর্বোচ্চ গোল দাতা নাইজেরিয়ান বোকলাকে ধরে রাখতে চেষ্টা করছে। আবাহনী থেকে ফরোয়ার্ড জাহিদ হাসান এমেলী, ডিফেন্ডার ওয়ালী ফয়সাল এবং মামুনুল ইসলাম মোহামেডানে যোগ দিতে পারেন।
মোহামেডানের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া বলেন,"আমরা দর্শকদের প্রিয় দল। ভাল খেলা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। তাই সেভাবেই দল গড়ছি।" এবার অধরা শিরাপা জিততেই দল গঠন করছে মোহামেডান।
আবাহনী পুরনোদের মধ্যে গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্জ, ডিফেন্ডার সুজন, নজরুল ইসলাম, মাঝ মাঠের আরিফ খান জয়, জাহেদ পারভেজ চৌধুরী, উইং ব্যাক প্রাণোতোষ কুমার, ফরোয়ার্ড শাহাজউদ্দিন টিপু, সিরাজীদের ধরে রেখেছে। সঙ্গে নিয়েছে ঢাকা মোহামেডানের ফরোয়ার্ড মোহাম্মদ রবীন এবং ডিফেন্ডার রজনীকান্ত বর্মন, ব্রাদার্সের মতিউর মুন্ন, ফরাশগঞ্জের ফরোয়ার্ড এনামুল হক এবং চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার মিন্টুকে নিয়েছে ধানমন্ডির আকাশী নীল দলটি।
আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু জানিয়েছেন, ১০ আগস্ট থেকে আর্জেন্টাইন ট্রেনারের অধীনে তাদের দলের ক্যাম্প শুরু হবে।
গত আসরের তৃতীয় স্থান দখলকারী শেখ রাসেল ক্রীড়া চক্র এবার তারুণ্য নির্ভর দল গড়ার প্রস্তুতি নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৫৮ ঘ.
bdnews24