রোম, জুলাই ২৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পারফরম্যান্সবর্ধক নতুন পোশাক নিয়ে বিতর্কের সুরাহা না হওয়া পর্যন্ত 'জলদানব' সাঁতারু মাইকেল ফেলপস না-ও সাঁতরাতে পারেন বলে বুধবার তার কোচ বব বাওম্যান জানিয়েছেন।
১০০ ভাগ প্লাস্টিকের তৈরি অত্যাধুনিক এ পোশাক পরে সাঁতারুরা অন্যদের চেয়ে বাড়তি সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, রোমে এবার যে ১১টি বিশ্ব রেকর্ড হয়েছে তার প্রতিটিতেই নতুন সাঁতার পোশাকের অবদান আছে।
তাই সাধারণ সাঁতার পোশাক পরা ফেলপস ২০০৫ সালের পর এই প্রথম বড় কোনও প্রতিযোগিতায় হারলেন। মঙ্গলবার ২০০ মিটার ফ্রিস্টাইলে ফেলপস জার্মানির পল বিডারম্যানের কাছে হেরে যান। বিডারমান নতুন 'হাই-টেক' পোশাক পরে সাঁতরে ছিলেন।
আন্তর্জাতিক সাঁতার সংস্থা (ফিনা) ২০১০ সালের মধ্যে নতুন এ সাঁতার পোশাক নিষিদ্ধ করতে রাজি হয়েছে। তবে সেটা আগামী এপ্রিল/ মের আগে নয়।
তাই বব বাওম্যান বলেন, তিনি ফেলপসকে নিষেধাজ্ঞা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সাঁতরাতে নিষেধ করবেন। এর ফলে বেইজিং অলিম্পিকের আট সোনাজয়ী এ সাঁতারু সম্ভবত স্টকহোম এবং বার্লিন মিটে সাঁতরাবেন না।
বাওম্যান বলেন,"সে সাঁতরাবে না। সম্ভবত সাঁতরাবে না। দেখি, কী হয় আগে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২৩৫৫ঘ.
bdnews24