২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ হকি খেলোয়াড়কে জার্মানী পাঠাচ্ছে ফেডারেশন

বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) ২০ খেলোয়াড়কে জার্মানী পাঠাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 05:47 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) ২০ খেলোয়াড়কে জার্মানী পাঠাচ্ছে। জার্মান হকি লিগের প্রথম ও দ্বিতীয় বিভাগের কয়েকটি দল বাংলাদেশের ১৮ জন হকি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে। কিন্তু এদের মধ্যে ৭ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় সে দেশের লিগে খেলার অনুমতি পাচ্ছেন না তারা। তবে চুক্তির শর্ত মত ১৮ বছরের নিচে বাংলাদেশের সাত খেলোয়াড়কেই থাকা-খাওয়াসহ প্রশিক্ষণের সুযোগ দেবে জার্মান ক্লাবগুলো। বাংলাদেশ হকি ফেডারেশন বুধবার এক সংবাদ সম্মেলনে জানায়, জাতীয় দলের খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা অর্জনের জন্যই অনূর্ধ্ব-১৮ বছরের সাতজনকে জার্মানী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। "এক দল উন্নত প্রশিক্ষণ পাবে, অন্যরা ঢাকা লিগে খেলে পিছিয়ে পড়বে। সে কারণেই কোচের পরামর্শে মোট ২০ খেলোয়াড়কে জার্মানী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি," বলেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিল। জার্মান হকি লিগের কোন দলের সঙ্গে চুক্তি হয়নি এমন দু'জন খেলোয়াড়কেও পাঠাচ্ছে ফেডারেশন। উদ্দেশ্য, মিউনিখে সপ্তাহের ছুটির দিনের লিগে খেলা। এছাড়া অবসর সময়ে আবাসিক ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া। এ বছর জার্মান হকি লিগে খেলবেন শেখ মোহাম্মদ নান্নু, মামুনুর রহমান চয়ন, মোশাররফ হোসেন কুটি, রাসেল মাহমুদ জিমি, জাহিদুল ইসলাম, জাহিদ বিন তালিব শুভ, মশিউর রহমান বিপ্লব, আসাদুজ্জামান চন্দন, তাপস বর্মণ, খন্দকার হাসান আহমেদ ও মেহরাব হোসেন কিরণ। বাকি নয় খেলোয়াড় হলেন পুশকর খীসা, কামরুজ্জামান, মাহাবুব উল্লাহ চৌধুরী, আব্দুস সাজ্জাদ জন, গোলাম মোস্তফা মানিক, মনোয়ার হোসেন, ইমরান হাসান পিন্টু, রিমন কুমার ঘোষ ও কৃষ্ণ কুমার। আগামী ৫ এবং ৬ আগস্ট দুই ভাগে জার্মানের উদ্দেশে রওয়ানা হবেন জাতীয় দলের এই ২০ হকি খেলোয়াড়। সেখানে পৌঁছানোর পরই প্রত্যেকে নিজ নিজ ক্লাবের সঙ্গে যোগ দেবেন। টানা তিন মাস জার্মান লিগ নিয়ে ব্যস্ত থাকবেন তারা। বাংলাদেশ দলের জার্মান কোচ জেরহাট পিটার ও অলিভার কার্টজ খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় করবেন সেখানে। অবসর সময়ে জাতীয় দলের খেলোয়াড়দের প্রশিক্ষণও দেবেন তারা। সংবাদ সম্মেলনে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, লিগের ফাঁকে বাংলাদেশের দলটি পার্শ্ববর্তী দেশের বিভিন্ন টুর্নামেন্টেও অংশ নেবে। এরই মধ্যে পোল্যান্ড, ইতালি, হল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান তারা। ফেডারেশন জানায়, বাংলাদেশের খেলোয়াড়রা যাতে পালিয়ে না যান সে দিকটি দেখবে ক্লাব এবং জাতীয় দলের দুই কোচ। এছাড়া যাওয়ার আগে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ১০ লাখ টাকার বন্ডে স্বাক্ষর করতে হবে খেলোয়াড় এবং তাদের অভিভাবকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫২ঘ.