ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যাম্পিয়ন আবাহনীর পক্ষে পেশাদার 'বি' লিগে খেলতে আগ্রহী নাইজেরিয়ান স্ট্রাইকার আলামো বোকোলা ওলালেকেন।
রানার্স-আপ মোহামেডানের পক্ষে 'বি' লিগের দ্বিতীয় আসরে ২০ ম্যাচে সর্বোচ্চ ১৮ গোল করেছিলেন এই নাইজেরিয়ান। কোটি টাকার ফুটবল টুর্নামেন্ট সিটিসেল ক্লাব কাপ ফুটবলেও অন্যতম গোলদাতা ছিলেন বোকোলা।
আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন, মোহামেডানের এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের সঙ্গে যোগাযোগ হয়েছে তাদের। কিন্তু চুক্তির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
আগামী মৌসুমে 'বি' লিগে খেলার জন্য আবাহনীর কাছে মাসে ৫ হাজার মার্কিন ডলার দাবি করেছেন বোকোলা। গত মৌসুমে ঢাকা মোহামেডানের কাছ থেকে মাসে দুই থেকে আড়াই হাজার ডলারের মধ্যে বেতন পেতেন পেশাদার লিগের এই সর্বোচ্চ স্কোরার।
আগামী ১ অগস্ট শুরু হবে 'বি' লিগের তৃতীয় আসরের দলবদল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২০৭ ঘ.
bdnews24