২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবল ঢাকায়

ভারতের পরিবর্তে ষষ্ঠ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হতে পারে বাংলাদেশে। এ বছর ডিসেম্বরে ভারতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 03:45 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের পরিবর্তে ষষ্ঠ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হতে পারে বাংলাদেশে। এ বছর ডিসেম্বরে ভারতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল। আট জাতির এই টুর্নামেন্ট ভারতে হলে সেখানে পাকিস্তানের অংশ্রহণ প্রায় অনিশ্চিত। কারণ মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত এবং পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েন চলছে। ফলে পাকিস্তানের ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পর্যন্ত খেলতে পারেননি। ফুটবলারদের বেলাতেও একই সমস্যা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বছর মে মাসে এএফসির কংগ্রেস চলার ফাঁকে এ ব্যাপারে আলোচনা হয়। সেখানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাফ ফুটবল আয়োজনের আগ্রহ দেখালে অধিকাংশ দেশ বাংলাদেশকে সমর্থন করে। ভারতও এনিয়ে কোন আপত্তি তোলেনি। তবে সাফ টুর্নামেন্ট কমিটি ভারতকে কিছুদিন ভাবার সময় দেয়। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। কাজী সালাউদ্দিন জানান, ১০ থেকে ১৫ দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বাংলাদেশের পক্ষে। মালয়েশিয়ায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অডিট কমিটির সভা শেষে দেশে ফিরে তিনি বলেন, "ঢাকায় সাফ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি চূড়ান্ত না হলেও প্রায় ৮৫ ভাগ কাজ এগিয়েছে।" এদিকে অক্টোবরের পরিবর্তে পিছিয়ে জানুয়ারিতে হতে পারে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট। ভারতের দু'টি দল মোহনবাগান ও ইস্ট বেঙ্গলকে জানুয়ারির আগে পাওয়া যাবে না বলে জানিয়েছে সে দেশের ফুটবল ফেডারেশন। অথচ এই দু'টি দলকে খেলানোর ব্যাপারে খুবই আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এজন্য টুর্নামেন্টটি আগামী বছর জানুয়ারিতে হওয়ার সম্ভাবনাই বেশি। বাফুফের নির্বাহী কমিটির সভায় এ নিয়ে আলোচনা হবে বলে জানান সালাউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৩৬ ঘ.