ঢাকা, জুলাই ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---ব্রাজিলের এক হোটেল কক্ষে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার আরতুরো গাতিকে শনিবার মৃত পাওয়া গেছে।
কানাডিয়ান এ বক্সার তার স্ত্রী-পুত্রকে নিয়ে ব্রাজিলে ছুটি কাটাতে গিয়ে এ হোটেলে উঠেছিলেন।
শোনা গেছে, গাতির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ এর মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছে। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।
পুলিশের তদন্তকারী কর্মকর্তা এডিলসন আলভেইস বলেন,"সব কিছু খুব অদ্ভুত হলেও এখনও আগেভাগেই নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না।"
ব্রাজিলের জননিরাপত্তা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় গাতির স্ত্রী এবং এক বছরের ছেলে অক্ষত আছেন।
শুক্রবার গাতি তার পরিবার নিয়ে পোর্তো ডি গালিনাসের ওই হোটেলে উঠেছিলেন।
ইতালিয়ান বংশোদ্ভূত ৩৭ বছরের গাতি ১৯৯৫ সালে সুপার ফেদারওয়েট এবং ২০০৪ সালে লাইট ওয়েল্টারওয়েটের বিশ্ব চ্যাম্পিয়ন হন। ২০০৭ সালে অবসর গ্রহণের আগে তিনি ৪৯টি লড়াইয়ে অংশ নিয়ে ৪০টিতেই জেতেন। এরমধ্যে ৩১টি লড়াইয়েই তিনি প্রতিপক্ষকে নকআউটের মাধ্যমে ধরাশায়ী করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২৩০৩ঘ.
bdnews24