ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিটনেস প্র্যাকটিস শেষে কোচ ডিডোর প্রসংশা করলেন জাতীয় দলের ফুটবলাররা। আগের যে কোন সময়ের চেয়ে নিজেদের বেশি ফিট দাবি করছেন তারা।
স্ট্রাইকার জাহিদ হোসেন এমেলীর মতে, জাতীয় দলের ফুটবলাররা আগে ৯০ মিনিট খেলতেই হাঁপিয়ে উঠতেন। অথচ এখন একাধারে ১২০ মিনিট খেলাও সম্ভব তাদের পক্ষে।
দায়িত্ব নেয়ার পর 'বি' লিগের খেলা দেখেই বাংলাদেশের ফুটবলারদের ফিটনেসের অভাবকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেন ব্রাজিলীয় কোচ ডিডো। এরপর শুরু হয় ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর কাজ।
নিবিড় প্রশিক্ষণ দিতে ৩১ ফুটবলারকে নিয়ে যান কক্সবাজার। সমূদ্র সৈকতে বালুর ওপর দিয়ে দৌড়ানো, জিম-প্র্যাকটিস, নানা রকম ব্যায়াম করতে হতো ফুটবলারদের ঘন্টার পর ঘন্টা ধরে। টানা তিন সপ্তাহর অনুশীলনে ফুটবল বলতে কিছু ছিল না। সবাই যেন অ্যাথলেটিক্সের ম্যারাথন ইভেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ফুটবলারদের এ ধরনের অনুশীলনের কারণ ব্যাখ্যা করলেন এমেলী, "ফুটবল খেলার পূর্বশর্ত শারীরিক সক্ষমতা থাকতে হবে। সে কারণেই আগে ফিটনেসের ওপর গুরুত্ব দিয়েছেন কোচ।"
তার মতে, বল নিয়ে যত কুশলী খেলোয়াড়ই হোক না কেন, ফিটনেসের ঘাটতি থাকলে মাঠে তা কাজে লাগবে না।
ফিটনেস প্রশিক্ষণ শেষ। এবার বিকেএসপিতে শুরু হবে বল নিয়ে অনুশীলন। ৮ সপ্তাহ ধরে চলবে বল নিয়ন্ত্রণের নানা কৌশল আর ম্যাচে তার প্রয়োগের অনুশীলন।
এরপরই ঘরোয়া ফুটবল নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন ক্যাম্পে থাকা এই ফুটবলাররা। তাই বলে কোচের চোখকে ফাঁকি দেওয়ার সুযোগ পাবেন না তারা। কারণ খেলোয়াড়দের পর্যবেক্ষণে সহকারী কোচ শফিকুল ইসলাম মানিককে সঙ্গে নিয়ে মাঠে থাকবেন ডিডো।
অপাতত আন্তর্জাতিক কোন খেলা না থাকলেও ব্রাজিলীয় কোচ ডিডো দল প্রস্তুত করছেন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং সাফ গেমসকে সামনে রেখে। এই দুই টুর্নামেন্টেই বাংলাদেশকে শিরোপা এনে দিতে চান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/২১০৮ ঘ
bdnews24