ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল মইন উ আহমেদ পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির এক জরুরি সভায় বৃহস্পতিবার সাবেক সেনা প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।
বিওএ'র সভাপতির শূন্য পদে নির্বাচনের তারিখ নির্ধারণে আগামী সপ্তাহে সভায় বসবে নির্বাহী কমিটি।
চার বছর ধরে সভাপতির দায়িত্ব পালনের পর মঙ্গলবার এ পদ থেকে অব্যাহতি চেয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের কাছে পদত্যাগপত্র দেন মইন উ আহমেদ।
অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতির পদ শূন্য হলে ভারপ্রাপ্ত কেউ এই দায়িত্ব পালন করতে পারবেন না। সে কারণেই এ পদে নির্বাচনের তারিখ ঠিক করতে আগামী সপ্তাহে সভায় বসবে নির্বাহী কমিটি।
১৯৭৭ সালে অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার একবার ছাড়া সেনা প্রধানরাই সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু ক্রীড়াঙ্গনে গুঞ্জন রয়েছে এবার হয়তো সেনা বাহিনীর বাইরে থেকে অন্য কেউ সভাপতি হতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৫৫ ঘ.
bdnews24