ইন্ডিয়ানাপোলিস, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বেইজিং অলিম্পিকের সাঁতারের রাজা আমেরিকান মাইকেল ফেল্পসের প্রত্যাশা বছরখানেকের মধ্যে কমে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।
যে সাঁতারু বেইজিং জলক্রীড়া কেন্দ্রে বিশ্ব রেকর্ড গড়ে ৮টি সোনার পদক গলায় ঝুলিয়েছিলেন, সেই জলমানবের চলতি সপ্তাহে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে লক্ষ্য শুধু বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমেরিকান দলের সদস্য নির্বাচিত হওয়া।
পুলের বাইরের ঘটনাই হয়তো ফেল্পসের এ পরিস্থিতির জন্য দায়ী। গত বারো মাসে ২৪ বছরের মাইকেল ফেলপস নানা কারণে সমালোচিত ছিলেন। গাঁজা সেবনের বিশেষ পাইপ নাকে লাগানো এক ছবি পত্রিকায় প্রকাশিত হলে শাস্তিস্বরূপ পুলে তিন মাসের নিষেধাজ্ঞা জোটে তার।
সেসব পেছনে ফেলে এই প্রথম বেইজিংয়ের পর সত্যিকারের শক্ত কোনও প্রতিদ্বন্দ্বিতায় নামছেন তিনি। তাকে লড়তে হবে রোমে অনুষ্ঠিতব্য বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ইউএস দলে জায়গা পেতে।
১৪টি অলিম্পিক এবং ১৭টি বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা জেতা এ জলমানবের জন্য ব্যাপারটি ছেলেখেলা হওয়ারই কথা। কিন্তু নতুন ইভেন্ট, নতুন স্ট্রোক আর নতুন করে প্রতিদ্বন্দ্বিতায় ফেরা ফেল্পস খুব সহজেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের আমেরিকান দলে জায়গা করে নিচ্ছেন, এমন কোনও গ্যারান্টি নেই।
ফেলপস সাঁতরাবেন ১০০ ও ২০০ মিটার ফ্রি-স্টাইল এবং ১০০ ও ২০০ মিটার বাটারফ্লাইয়ে। রোমগামী
আমেরিকান সাঁতার দলে সুযোগ পেতে হলে তাকে এর প্রতিটি ইভেন্টে শীর্ষ দুজনের মধ্যে থাকতে হবে।
এ রকম একটি পরিস্থিতিতে ফেলপস সোমবার বলেন,"আমি ফেবারিট কি ফেবারিট না, এটা কোনও ব্যাপার নয়। আমি সব সময়ই উপভোগ করি যদি কেউ আমার চেয়ে দ্রুত সাঁতরায় তার সঙ্গে লড়তে।"
তিনি আরও বলেন,"আমি জানি ১০০ মিটার ফ্রি-স্টাইলে আমি সেরা নই। তাই যদি সেরা সাঁতারুর সঙ্গে সাঁতরানোর সুযোগ পাই, তবে তা সব সময়ই আমি উপভোগ করব। আমি আসলে এখন অন্য কিছুই ভাবছি না, দলে সুযোগ করে নেওয়া ছাড়া।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২৩১৯ঘ.
bdnews24