২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশীয় শুটিংয়ের প্রথম দিনেই ভারতের আধিপত্য

শুটিংয়ে আসিফ ছাড়া বাংলাদেশ দল যে অচল, আরেকবার প্রমাণ হলো দক্ষিণ এশীয় শুটিংয়ে। নিজেদের সেরা ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের শুটাররা। এই ইভেন্টের তিনটি পদকই জিতে নিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 06:45 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শুটিংয়ে আসিফ ছাড়া বাংলাদেশ দল যে অচল, আরেকবার প্রমাণ হলো দক্ষিণ এশীয় শুটিংয়ে। নিজেদের সেরা ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের শুটাররা। এই ইভেন্টের তিনটি পদকই জিতে নিয়েছে ভারত। টুর্নামেন্টের পঞ্চম আসরে প্রথম দিনে বিকেএসপির জাতীয় শুটিং কমপ্লেক্সে ৬৯৬ দশমিক ৭ স্কোর করে স্বর্ণ পদক জেতেন পিটি রঘুনাথ। রৌপ্য পেয়েছেন সানজিব রাজপুত (স্কোর: ৬৯৫.৫), ব্রোঞ্জ জিতেছেন এমরান হাসান খান (স্কোর: ৬৯৩.৯)। বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকী হয়েছেন পঞ্চম (স্কোর: ৬৭৭.৩)। অথচ গত বছরই ইসলামবাদে দক্ষিণ এশীয় শুটিংয়ের চতুর্থ আসরে ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত পদকটি জিতেছিলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আসিফ হোসেন খান। জার্মান কোচের পরামর্শে সাফ শুটিংয়ের দলে রাখা হয়নি তাকে। জার্মানী থেকে উচ্চতর প্রশিক্ষণ শেষে কোচের সূচী মেনে অনুশীলন করছেন আসিফ। ১০১২ সালে লন্ডন অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত করা হচ্ছে তাকে। ১০ মিটার এয়ার রাইফেলে দলগত চ্যাম্পিয়ন হয়েছে ভারত (স্কোর: ১৭৮০)। এই ইভেন্টে রৌপ্য পদক জিতে সান্ত্বনা খুঁজেছে বাংলাদেশ। দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে পাকিস্তান। ৫০ মিটার পিস্তল শুটিংয়ের দলগত ইভেন্টে ভারত আধিপত্য ধরে রাখলেও (স্কোর: ১৬৫০), বাংলাদেশের ভাগ্যে জুটেছে ব্রোঞ্জ পদক (স্কোর: ১৫০২)। দ্বিতীয় হয়েছে পাকিস্তান (স্কোর: ১৫৮৪)। ১০ মিটার এয়ার রাইফেলের মত পিস্তল শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে কোন পদক পায়নি বাংলাদেশ। প্রথম হয়েছেন ভারতের আমানপ্রিত সিং (স্কোর: ৫৫৫)। রৌপ্য পদক গেছে শ্রীলংকার ঝুলিতে (স্কোর: ৫৫৩)। ভারতের সমরেশ জং জিতেছেন ব্রোঞ্জ। প্রথম দিন পুরুষদের চারটি ইভেন্টের সবগুলোতেই স্বর্ণ জেতে ভারত। সোমবার দ্বিতীয় দিনে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ও ২৫ মিটার পিস্তল এবং ছেলেদের ৫০ মিটার রাইফেলে (প্রোণ ইভেন্টে) প্রতিযোগিতা হবে সাত জাতি এই টুর্নামেন্টে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২২৫৩ঘ.