২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বলডনের শেষ চারে মারে-রডিক, ফেদেরার-হাস

বুধবার সেন্টার কোর্টে স্প্যানিশ হুয়ান কার্লোস ফেরেরোকে হারিয়ে জীবনে প্রথমবারের মতো উইম্বলডনের শেষ চারে উঠেছেন ব্রিটেনের ঘরের ছেলে স্কটিশ যুবা অ্যান্ডি মারে। ২২ বছরের মারে এদিন সেন্টার কোর্টে মা, প্রেমিকা, ১৫ হাজার দর্শক এবং অগণিত টিভি দর্শকের সামনে সাবেক ফরাসি ওপেনজয়ী ফেরেরোকে উড়িয়ে দেন ৭-৫ ৬-৩ ৬-২ সেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বুধবার সেন্টার কোর্টে স্প্যানিশ হুয়ান কার্লোস ফেরেরোকে হারিয়ে জীবনে প্রথমবারের মতো উইম্বলডনের শেষ চারে উঠেছেন ব্রিটেনের ঘরের ছেলে স্কটিশ যুবা অ্যান্ডি মারে। ২২ বছরের মারে এদিন সেন্টার কোর্টে মা, প্রেমিকা, ১৫ হাজার দর্শক এবং অগণিত টিভি দর্শকের সামনে সাবেক ফরাসি ওপেনজয়ী ফেরেরোকে উড়িয়ে দেন ৭-৫ ৬-৩ ৬-২ সেটে। সেমিফাইনালে মারে লড়বেন যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিকের বিপক্ষে। দু'বারের উইম্বলডন রানার আপ রডিক এদিন চার ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে হারিয়ে দেন পুরনো শত্র" অস্ট্রেলিয়ান লেটন হেউইটকে। রডিক ম্যাচ জিতে নেন ৬-৩ ৬-৭ (১০/১২) ৭-৬ (৭/১) ৫-৭ ৬-৪ সেটের এক দুর্ধর্ষ লড়াইয়ে। অন্য এক লড়াইয়ে শীর্ষবাছাই রজার ফেদেরার খুব সহজেই জয় ছিনিয়ে নেন 'এইস মেশিন' ক্রোট ইভো কার্লোভিচের বিপক্ষে। যদিও কার্লোভিচের দুরন্ত সার্ভের কথা চিন্তা করে টেনিস বিশেষজ্ঞরা ম্যাচটি ফেদেরারের জন্য কঠিন হবে ভেবেছিলেন। ফেদেরার জেতেন ৬-৩ ৭-৫ ৭-৬ (৭-৩) সেটে। পাঁচবারের উইম্বলডন জয়ী এ সুইস তারকাকে সেমিফাইনালে লড়তে হবে জার্মানির টমি হাসের সঙ্গে। ৩১ বছরের টমি হাস এদিন অঘটন ঘটিয়ে হারিয়ে দেন ৪র্থ বাছাই সার্ব নোভাক দকোভিচকে। ৭-৫ ৭-৬(৮-৬) ৪-৬ ৬-৩ সেটে ম্যাচ জিতে নেন হাস। এদিকে, বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে জয় পেয়ে নারীদের এককে ফাইনাল নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সেরিনা উইলিয়ামস। রাশিয়ার ইলিয়েনা দিমেন্তিয়েভাকে ৬-৭, ৭-৫, ৮-৬ সেটে হারান সেরিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২২৩২ঘ.