২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাকা হলিউডি তারকার সম্মান পেলেন রিয়ালে

বার্নাব্যুতে গত মঙ্গলবার ৫০ হাজার ভক্ত দর্শকের সামনে রীতিমতো হলিউড স্টাইলে মঞ্চে উপস্থিত হন রিয়াল মাদ্রিদে নতুন যোগ দেওয়া তারকা ফুটবলার ব্রাজিলিয়ান কাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 02:19 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- বার্নাব্যুতে গত মঙ্গলবার ৫০ হাজার ভক্ত দর্শকের সামনে রীতিমতো হলিউড স্টাইলে মঞ্চে উপস্থিত হন রিয়াল মাদ্রিদে নতুন যোগ দেওয়া তারকা ফুটবলার ব্রাজিলিয়ান কাকা। উচ্ছ্বসিত কাকা বলেন,"এটা আমার জন্য খুবই বিশেষ একটি দিন। আশা করছি জয় এবং আধিপত্য বিস্তার করে ক্লাব ইতিহাসের বইয়ে আমি আমার নাম লেখাতে পারব।" কাকার সম্মানে এদিন বার্নাব্যু স্টেডিয়ামের দ্বার সবার জন্য খুলে দেওয়া হয়। মঞ্চ সাজানো হয় রিয়াল মাদ্রিদের জেতা ৯টি ইউরোপীয় শিরোপা দিয়ে। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ রিয়ালকে নিজের ক্লাব হিসাবে বেছে নেওয়ার জন্য কাকাকে ধন্যবাদ জানান। এর আগে মাঠে প্রবেশের আগে এ তারকাকে পপতারকাসুলভ সংবর্ধনা দেওয়া হয়। রিয়াল মাদ্রিদের ৮ নম্বর জার্সি দেওয়া হয় তাকে। দেহরক্ষীর সহায়তায় কাকা মাঠ ঘুরে দেখেন। এ সময় উল্লসিত ভক্তরা প্রিয় তারকাকে একটু ছুঁয়ে দেখার জন্য বাধা টপকানোর চেষ্টা করে। কেউ কেউ ছুঁয়েও ফেলেন ৬৭ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে নাম লেখানো সাবেক এ এসি মিলান তারকাকে। রিয়াল সমর্থকদের জন্য আরও একটি সুখবর আছে। আগামী সোমবারই তারা এরকম আরও একটি অনুষ্ঠানে যোগ দিতে পারবে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেকর্ড ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে নাম লেখানো পর্তুগিজ উইংঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর সংবর্ধনা দেওয়া হবে সেদিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/২০২৯ঘ.