ঢাকা, ২৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবলের সুদিনে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে হাত মেলাচ্ছে বেক্সিমকোও। আগামী অক্টোবরে ঢাকায় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনে বাফুফেকে সহযোগিতা করতে সম্মত হয়েছে তারা। রোববার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।
"বঙ্গবন্ধু কাপ আয়োজনে বাফুফে ও বেক্সিমকো একসঙ্গে কাজ করবে"- বলেছেন সালাহউদ্দিন।
এর আগে শনিবার তিনি একঘণ্টার এক বৈঠক করেছেন বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের সঙ্গে। ওই বৈঠকেই ১০ কোটি টাকা বাজেটের এই টুর্নামেন্ট আয়োজনে বাফুফের সঙ্গী হতে সম্মত হয় বেক্সিমকো। টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির প্রধান হিসেবে থাকবেন সালমান এফ রহমান, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন প্রধান পৃষ্ঠপোষক।
ঢাকার দুই বড় ক্লাব আবাহনী ও মোহামেডানের সঙ্গে এশিয়ার 'এ' গ্রেডের কয়েকটি ক্লাবকে এই টুর্নামেন্টে দেখা যাবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এসএইচ/২২৪৪ ঘ.
bdnews24