ব্লুমফন্টেইন, ২৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্র"প পর্বের শেষ ম্যাচে যখন মিশরের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র, তখন তাদের দলের খেলোয়াড়দেরই অনেকের জানা ছিল না, সেমিফাইনালে ওঠার সুযোগ তখনো আছে। এমনকি ওই ম্যাচটি জিতেও এক রকম অন্ধকারেই ছিলেন তারা। কিন্তু গ্র"পের অন্য দলগুলোর অবাক করা পারফরম্যান্স গণিতের মার-প্যাঁচে বাঁচিয়ে দিয়েছে তাদের সম্ভাবনা। সেই মার্কিন দলের সামনেই এখন এক অবিস্মরণীয় সুযোগ- আর মাত্র একটা ম্যাচ জিতলেই প্রথম বারের মতো ফিফার আয়োজনে বিশ্ব পর্যায়ের কোনো টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলবে তারা। সেই ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী ব্রাজিল, রোববার কনফেডারেশন্স কাপের ফাইনালে মার্কিনিদের যে হারানোর কিছুই নেই! তাই আরেকটি অঘটনের স্বপ্নই দেখছে তারা।
সেমিফাইনালে দারুণ ফর্মে থাকা স্পেনকে হারিয়ে দেওয়ার পর এমন স্বপ্ন দেখতেই পারে তারা। যদিও ব্রাজিল এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন, আর বড় টুর্নামেন্টের শিরোপা জেতা তাদের কাছে ডালভাত। ফুটবলের সেরা শিরোপা, বিশ্বকাপই তারা জিতেছে পাঁচবার। কিন্তু এই টুর্নামেন্টের ব্রাজিলকে তেমন অপ্রতিরোধ্য মনে হয়নি একটি ম্যাচে ছাড়া। গ্র"প পর্বের শেষ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারানোর পর সেমিফাইনালে আবার ভাগ্যের জোরে জিতেছে তারা শেষ মিনিটে ড্যানি অ্যালভেসের দেওয়া গোলে।
ব্রাজিলের বিপক্ষে এর আগে খেলা ১৫ ম্যাচে মাত্র একটি জয়ের অভিজ্ঞতা নিয়েও যুক্তরাষ্ট্রের কোচ বব ব্র্যাডলি এই জয়টাকে জরুরি মনে করছেন, কারণ তার ভাষায় এই একটা জয় বদলে দিতে পারে যুক্তরাষ্ট্রের ফুটবলকেই। ব্রাজিলের বিপক্ষেই গ্র"প পর্বের ম্যাচে রক্ষণাত্মক খেলে হেরে গিয়েছিল তার দল, কিন্তু এবার পরিস্থিতি অন্য রকম, হারাবার কিছু নেই বলে ফাইনালে আক্রমণাত্মক খেলাই উপহার দেওয়ার পরিকল্পনা তাদের।
আর বরাবরের মতো কার্লোস দুঙ্গার ব্রাজিলও খেলবে জয়ের জন্যই। সে জন্য যুক্তরাষ্ট্রকে মোটেই হাল্কাভাবে নিচ্ছে না তারা। ফরোয়ার্ড রবিনিয়োর কথায় সে রকমই ইঙ্গিত, "যুক্তরাষ্ট্র যখন ফাইনালে উঠেই গেছে, তখন আর বলা ঠিক নয় যে তারা ভাগ্যের জোরে এসেছে এতদূর।" তাদের সঙ্গে লড়াইটা জোরালো হবে বলেই মনে করছেন তিনি, যদি তার ধারনা শেষ পর্যন্ত ব্রাজিলই জিতবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৪১ ঘ.
bdnews24