মাদ্রিদ, ২৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কথাবার্তা চূড়ান্ত হয়েই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতাটুকু। শুক্রবার সেটুকু সেরে নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। আর সপ্যানিশ প্রিমেরা লিগার সাবেক চ্যাম্পিয়নদের সঙ্গে ৬ বছরের চুক্তিটা তাকে পরিণত করেছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারে।
এই পর্তুগিজ ফরোয়ার্ডকে কিনতে আট কোটি পাউন্ড বা ১৩ কোটি মার্কিন ডলার খরচ করেছে রিয়াল। জিনেদিন জিদানকে ৭ কোটি ২০ লাখ ডলারে কিনে এর আগের রেকর্ডটাও গড়েছিল তারাই। এবার এসি মিলান থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাকাকে কিনতেও আরো ৬৭ মিলিয়ন ইউরো বা ৯ কোটি ৩০ লাখ ডলার খরচ করছেন সদ্য রিয়ালের সভাপতি পদে ফেরা ফ্লোরেন্তিনো পেরেজ।
শুক্রবার রিয়ালের ওয়েবসাইটে জানানো হয়েছে, রোনালদো আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন চুক্তিতে, আর আগামী ১ জুলাই থেকে সেটা কার্যকর হবে পরবর্তী ৬ বছরের জন্য। এই চুক্তির আর কোনো বিস্তারিত অবশ্য প্রকাশ করা হয়নি সেখানে। তবে জানানো হয়েছে, ৬ জুলাই মাদ্রিদের সান্টিয়াগো বার্নাবু স্টেডিয়ামে তাকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে রিয়ালের জার্সিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৪১ ঘ.
bdnews24