জোহানেসবার্গ, ২৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ বাঁশি বাজার দু মিনিট আগে বদলি খেলোয়াড় ড্যানি অ্যালভেসের গোল ব্রাজিলকে তুলে নিয়েছে কনফেডারেশনস কাপের ফাইনালে। বৃহস্পতিবার জোহানেসবার্গে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আগের দিন প্রথম সেমিফাইনালে স্পেনকে হারিয়ে একটা অঘটনের জন্ম দিয়েছিল যুক্তরাষ্ট্র। পরদিন বাফানা বাফানারাও তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। প্রায় পুরো ম্যাচ সমানে সমানে লড়ার পর শেষ মুহূর্তের ওই গোলে হার মানতে হয়েছে তাদের।
রোববারের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে, আর একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকা লড়বে স্পেনের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১২০৫ ঘ.
bdnews24