রাস্টেনবার্গ, দক্ষিণ আফ্রিকা, ১৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম ম্যাচে অনেক সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি দক্ষিণ আফ্রিকা, গোলশূন্য ড্র করেছিল ইরাকের সঙ্গে। তবে দ্বিতীয় ম্যাচে কনফেডারেশন্স কাপের স্বাগতিকদের গোল না পাওয়ার যন্ত্রণা ভুলিয়ে দিয়েছেন বার্নার্ড পার্কার। বুধবার এই স্ট্রাইকারের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা সহজেই ২-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। দুটো গোলই করেছেন পার্কার।
স্বাগতিকদের দুটো গোলেরই অন্যতম স্থপতি লেফট ব্যাক সেপো মাসিলেলা। তার দুটো দারুণ ক্রস থেকেই ২১ ও ৫২ মিনিটে গোল দুটো করেন পার্কার। শুধু তাই নয়, এর মিনিট দশেক পর পার্কারের সামনে হ্যাটট্রিক করার সুবর্ণ সুযোগও এসেছিল। কিন্তু নিউজিল্যান্ড গোলরক্ষক গ্লেন মস পার্কারের হেড দারুণভাবে ঠেকিয়ে দিয়ে তাকে হ্যাটট্রিক থেকে বঞ্চিত করেন।
রয়্যাল ব্যাফোকেঙ্গ স্টেডিয়ামে প্রায় ৩৭ হাজার সমর্থকের সামনে ম্যাচের পুরো সময়ই আধিপত্য বিস্তার করে খেলেছে স্বাগতিকরা। নিউজিল্যান্ড রক্ষণাত্মক কৌশল নিয়েও খুব বেশি সুবিধা করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার জয়ের ব্যবধান আরো বড়ও হতে পারতো। তা না হওয়ার কারণ অফসাইডের ফাঁদে ফেলে তাদের দু' অর্ধে করা আরও দুটো গোল বাতিল করতে পেরেছে নিউজিল্যান্ড।
অবশ্য সেজন্য 'বাফানা বাফানা' নামে ফুটবল-বিশ্বে পরিচিত দক্ষিণ আফ্রিকানদের জয় পেতে কোনো সমস্যা হয়নি। তবে গ্র"প 'এ' থেকে তাদের সেমিফাইনালে উত্তরণ এখনো বেশ ঝুঁকির মুখে। এই গ্র"পে দুটো ম্যাচেই জিতে ৬ পয়েন্ট পাওয়া স্পেন সেমিফাইনালে উঠে গেছে। ৪ পয়েন্ট পাওয়া দক্ষিণ আফ্রিকার অবস্থান দ্বিতীয়। এক পয়েন্ট নিয়ে ইরাক তৃতীয় এবং দুটো ম্যাচেই হেরে যাওয়া নিউজিল্যান্ড আছে সবার নিচে।
গ্র"পের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। সেমিফাইনালে ওঠার জন্য ইউরো চ্যাম্পিয়নদের সঙ্গে ড্র করতেই হবে স্বাগতিকদের। আগামী শনিবার ব্লুমফনটেইনে স্পেনের কাছে তারা হেরে গেলে আর একই সময়ে অনুষ্ঠেয় অন্য ম্যাচে ইরাক ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে দক্ষিণ আফ্রিকার বাদ পড়ার আশঙ্কা যথেষ্টই। সেক্ষেত্রে ভালো গোল গড় শেষ চারে নিয়ে যেতে পারে এশিয়া চ্যাম্পিয়ন ইরাককে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এম/এএআর/১৯১৯ঘ.
bdnews24