ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে বরফ গলল। জাতীয় ক্রীড়া পরিষদ মেনে নিল ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) ও ডিভিএফএ-কে (বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন)। এবং তাদের জন্য জেলার মাঠ বরাদ্দ ও দাপ্তরিক কাজ চলানোর জন্য কক্ষ বরাদ্দের জন্য জেলা ক্রীড়া সংস্থাকে নির্দেশ দিয়েছে।
বাফুফের বিগত কমিটির আমলে কয়েকজন কর্মকর্তার প্ররোচনায় গত বছর গঠন করা হয়েছিল ডিএফএ (জেলা ফুটবল সংস্থা) ও ডিভিএফএ (বিভাগীয় ফুটবল সংস্থা)। এএফসি থেকে অনুমোদন করিয়ে নিয়ে আসা এসব সংগঠনের গঠনতন্ত্রের দূর্বল দিক ছিল কমিটিতে সরকারি কর্মকর্তাদের রাখার কোনো বিধান নেই। অথচ জেলার বড় কর্তা জেলা প্রশাসক, তিনিই আবার জেলা ক্রীড়া পরিষদের (ডিএসএ) সভাপতি। আর ডিএসএ-এর অধীনেই যেহেতু জেলার মাঠ তাই ডিএফএ-এর পক্ষে ফুটবল খেলার মাঠের ব্যবস্থা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং নতুন করে ডিএসএ-ডিএফএ দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে বিভিন্ন জায়গায়। গঠনের সময়েই এসব আশঙ্কার কথা বিভিন্ন মহল থেকে বলা হলেও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুর হোসেন মালু আমলে নেননি। কারণ এই আবিষ্কার ছিল তার বাফুফে নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা কৌশল।
স্বাভাবিকভাবে পরবর্তীতে অকার্যকর হয়ে পড়ে এই সংগঠন। তা কার্যকর করতে গত এক বছরে বাফুফের নতুন কমিটি দফায় দফায় সভা করে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে। তারপরও কোনো ফল হয়নি তত্ত্বাবধায়ক সরকারের আমলে। অবশেষে নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নির্দেশে সচল হতে যাচ্ছে ডিএফএ ও ডিভিএফএ।
গত ১৫ জুন জাতীয় ক্রীড়া পরিষদ আনুষ্ঠানিকভাবে জেলা ক্রীড়া সংস্থাগুলোকে জানিয়ে দিয়েছে তাদের নির্দেশ। তা হচ্ছে ফুটবল মৌসুমে ৪ মাসের ডিএফএকে মাঠ ছেড়ে দিতে হবে ফুটবল খেলার জন্য। তারপর জেলা স্টেডিয়ামের ৩/৪ টি কক্ষ তাদের বরাদ্দ দিতে হবে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিস চালানোর জন্য। এছাড়া নতুন এই সংগঠনের জন্য অর্থ বরাদ্দের বিষয়টিও পরিষদ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১৩৪ ঘ.
bdnews24