ব্লুমফন্টেইন, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ মুহূর্তের পেনাল্টিতে ব্রাজিলের কাছে হারটা মেনেই নিয়েছে মিশর। তারপরও আপত্তি ছিল তাদের, সোমবার কনফেডারেশন্স কাপের ম্যাচে ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব যে ভাবে ওই পেনাল্টিটা দিয়েছেন- সেটা মেনে নিতে পারেনি তারা। কিন্তু এবার মানতে হচ্ছে, কারণ বিতর্কিত ওই পেনাল্টির ব্যাপারে তাদের আপত্তি প্রত্যাখ্যান করেছে ফিফা।
ফুটবলের বিশ্ব সংস্থার মিশরীয়রা আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছিল, ওই পেনাল্টিটা দেওয়া হয়েছিল ভিডিও রিপ্লে দেখে। মিশরের ডিফেন্ডার আহমেদ আল মুহাম্মদি গোললাইন থেকে হাত দিয়ে একটি বল ফিরিয়ে দেওয়ায় ওই পেনাল্টি দেওয়ার পাশাপাশি তাকে লালকার্ডও দেখিয়েছেন ওয়েব। ওই পেনাল্টি থেকে কাকার গোলেই ৪-৩ গোলের জয় পেয়েছিল ব্রাজিল।
ক্রিকেটের আইনে অনুমোদিত হলেও ফুটবলে ভিডিও রিপ্লের ব্যবহার এখনো নিষিদ্ধই। মিশরের সহকারী কোচ গারিব চৌকির দাবি, চতুর্থ রেফারির পরামর্শে ওয়েব ওই সিদ্ধান্ত দিয়েছেন আর চতুর্থ রেফারি সেটা জেনেছেন রিপ্লে দেখে।
কিন্তু মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফিফা। জানিয়েছে, মিশরের অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে তদন্ত করে দেখা গেছে সহকারী রেফারি (লাইন্সম্যান) মাইক মুলার্কির সঙ্গে আলোচনা করে বৈধ উপায়েই ওই সিদ্ধান্তটা দিয়েছিলেন ওয়েব। তাই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮১২ ঘ.
bdnews24