ব্লুমফন্টেইন, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কনফেডারেশন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে অতিকষ্টে জিতেছে ব্রাজিল। সোমবার মিশরকে ৪-৩ গোলে হারিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে কাকা, লুই ফ্যাবিয়ানো আর হুয়ানের লক্ষ্যভেদে ৩-১ গোলে এগিয়ে যাওয়ায় বেশ নিশ্চিন্তেই ছিল ব্রাজিল। কিন্তু বিরতির পর মাত্র এক মিনিটের ব্যবধানে মোহাম্মদ জিদান নিজের দ্বিতীয় এবং মোহাম্মদ শওকি দলের তৃতীয় গোল করে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন আফ্রিকান চ্যাম্পিয়নদের।
জয়সূচক গোলের জন্য ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। ৮৯ মিনিটে এল মোহামেদি হ্যান্ডবল করে লালকার্ড দেখার পাশাপাশি পেনাল্টিও উপহার (!) দিয়েছেন প্রতিপক্ষকে। তা থেকেই গোল করে ব্রাজিলের মুখরক্ষা করেছেন ক'দিন আগে এসি মিলান থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া কাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২০৩ঘ.
bdnews24