ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ দিন সময় পেরিয়ে যাওয়ার পরও সিরাজুল ইসলাম বাচ্চু ঝেড়ে কাশতে পারছেন না। তাই এখনো ঝুলে আছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ভাগ্য।
ভারতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত-পাকিস্তানের বৈরিতা। ভারত সরকার নাকি পাকিস্তানকে আমন্ত্রণ জানাতে নিমরাজি। তাই টুর্নামেন্টের পূর্ব ঘোষিত ভেন্যু ভারতকে নিয়ে সংশয়, তবে বিকল্প হিসেবে বাংলাদেশ ও নেপালের নাম উঠেছে। তার আগে ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত শোনার জন্য সাফ কমিটি ১০ দিন সময় বেঁধে দিয়েছিল। গত ১১ জুন সময়সীমা শেষ হয়ে গেলেও সাফ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু 'হ্যাঁ-না' কিছু না বলে জবাব দিয়েছেন এভাবে, "ভারত এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।" এই জবাবে ভারতের ভেন্যু বাতিল হয়ে গেল না রয়ে গেল কিছুই বোঝা গেল না।
তবে বাচ্চু বলেছেন, "আমি সাফের প্রেসিডেন্টকে জানিয়েছি। এখন একটা সভার ব্যবস্থা করতে হবে।" সাফ কমিটির প্রেসিডেন্ট নেপালের গণেশ থাপা সাফের সভা ডাকবেন। তারপর হয়তো কিছু হবে। আবার বাচ্চু বলেছেন, "আমি সব কিছু বাফুফে প্রেসিডেন্টকে জানিয়েছি। তিনি কলম্বো যাচ্ছেন, সেখানে মনিলালের (ফিফার দক্ষিণ এশীয় কর্মকর্তা) সঙ্গে আলোচনা করবেন।" এই কথা বাফুফে সভাপতিকে বলতেই কাজী সালাউদ্দিন ক্ষেপে যান, "আমি আলোচনা করার কে, আমি তো সাফের কোনো সদস্য নই। আলোচনা করার দায়িত্ব তো বাচ্চু সাহেবের।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১১৬ঘ.
bdnews24