জোহানেসবার্গ, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'গ্রেটেস্ট শো অন আর্থ' বা বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর ঠিক এক বছর বাকি। কনফেডারেশন্স কাপের জন্য অপেক্ষার প্রহর কিন্তু প্রায় শেষ। রোববার থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের 'ড্রেস রিহার্সাল' হিসাবে পরিচিত টুর্নামেন্টটি। উদ্বোধনী ম্যাচে 'এ' গ্র"পে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে এশীয় চ্যাম্পিয়ন ইরাকের। রোববারই গ্র"পের অন্য ম্যাচে ইউরোপ-সেরা স্পেনের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
বিশ্ব চ্যাম্পিয়ন, সবগুলো মহাদেশের চ্যাম্পিয়ন এবং স্বাগতিক দলকে নিয়ে আয়োজিত এবারের কনফেডারেশন্স কাপে আলাদাভাবে কাউকে ফেভারিট ধরা একটু মুশকিলই। তারপরও ফর্ম আর শক্তিমত্তার বিচারে অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে রাখতে হবে স্পেনকে। এক বছর আগে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে স্প্যানিয়ার্ডদের অনিন্দ্যসুন্দর ফুটবল আজো ভুলতে পারেনি ফুটবলপ্রেমীরা। সেই পারফরম্যান্স ধরে রাখতে পারলে স্পেনকে আটকানো কঠিনই হবে অন্য দলগুলোর জন্য।
অবশ্য বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলও শিরোপার অন্যতম দাবীদার। কোপা আমেরিকার শিরোপা জয়ীরা বেশ ভালো ফর্মে আছে এই মুহূর্তে। এ মাসেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও প্যারাগুয়েকে হারানোর সুবাদে তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। বাকি ৪ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পেলেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাবে রেকর্ড ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
সোমবার আফ্রিকান চ্যাম্পিয়ন মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে কনফেডারেশন্স কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামতে যাওয়া ব্রাজিল দলে অবশ্য অন্য ধরনের একটা সমস্যা আছে। সমস্যাটা এ মৌসুমে ইউরোপীয় লিগগুলোতে ফুটবলারদের একটানা খেলে যাওয়ার ক্লান্তিজনিত। তারপরও মিশরের বিপক্ষে দলের তারকা খেলোয়াড়দের বিশ্রাম না দেয়ারই পক্ষপাতী ব্রাজিল কোচ ডুঙ্গা, "দলের কাঠামোতে পুরোপুরি পরিবর্তন আনলেই যে নতুন খেলোয়াড়রা সমান আত্মবিশ্বাস আর সমর্থন নিয়ে মাঠে নামতে পারবে তা কিন্তু ঠিক নয়।"
খেলোয়াড়রা ক্লান্ত থাকলেও ব্রাজিল দলে অন্তত ইনজুরি-সমস্যা নেই। সেটা আছে ইতালিয়ান শিবিরে। তিন বছর আগে ইতালির বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোর পায়ের পেশিতে টান পড়েছে। তাই সোমবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে 'আজ্জুরি' দের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। মিশরের সঙ্গে পরের ম্যাচেও তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। তাই ইতালির হয়ে পাওলো মালদিনির ১২৬ ম্যাচ খেলার রেকর্ডের চেয়ে মাত্র দুই ম্যাচ দূরে দাঁড়িয়ে থাকা ক্যানাভারোকে অতুলনীয় অর্জনটার জন্য আরো কিছু দিন অপেক্ষায় থাকতেই হচ্ছে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৪০ঘ.
bdnews24